আরজি কর কাণ্ডে নতুন সিবিআই সিট, বছর দুই পর ফের হাসপাতালে কেন্দ্রীয় তদন্তকারীরা

আরজি কর কাণ্ডে নতুন সিবিআই সিট, বছর দুই পর ফের হাসপাতালে কেন্দ্রীয় তদন্তকারীরা

আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও নৃশংস খুনের ঘটনার দুই বছর হতে চললেও তদন্তের জল এখনও গড়ায়নি শেষ সীমানায়। এই আবহে সোমবার তদন্তের কাজে ফের আরজি কর হাসপাতালে হাজির হয় সিবিআই-এর পাঁচ সদস্যের এক বিশেষ তদন্তকারী দল (SIT)। হাসপাতালের জরুরি বিভাগসহ একাধিক গুরুত্বপূর্ণ অংশ ঘুরে দেখেন আধিকারিকরা।

হাসপাতালের সুপার সপ্তর্ষি চট্টোপাধ্যায় সিবিআই টিমের এই পরিদর্শনের কথা নিশ্চিত করে জানান, “সিবিআই-এর ৫ জনের একটি টিম এসে জরুরি বিভাগ পরিদর্শন করেছে।” তবে তদন্তের অগ্রগতি নিয়ে সংবাদমাধ্যমের সামনে মুখ খুলতে চাননি কেন্দ্রীয় আধিকারিকরা।

উল্লেখ্য, সম্প্রতি এই বিশেষ তদন্তকারী দলের দায়িত্ব নিয়েছেন সন্দীপনি গর্গ। গত ৩০ জুলাই নতুন তদন্তকারী অফিসার হিসেবে শিয়ালদহ আদালতে হাজির হয়ে তিনি নির্যাতিতার মায়ের সঙ্গে কথা বলেন এবং তদন্ত প্রক্রিয়ার ওপর আস্থা রাখার অনুরোধ জানান। এর আগে গত সপ্তাহে শিয়ালদহ আদালতে স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়ে সিবিআই জানিয়েছিল যে, তদন্ত সম্পূর্ণ করতে তাদের আরও কিছুটা সময়ের প্রয়োজন।

সূত্রের খবর, পুরোনো দলের কাছ থেকে সমস্ত নথি নতুন টিমের হাতে তুলে দেওয়া হয়েছে। নির্যাতিতার পরিবারও ঘটনার দিন তরুণী ডাক্তারের সঙ্গে কথা বলা ব্যক্তি এবং ময়নাতদন্তের দায়িত্বে থাকা ফরেন্সিক চিকিৎসকদের ভূমিকা পুনর্নিরীক্ষার দাবি জানিয়েছে। সিবিআই-এর নতুন টিম সমস্ত দিক খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *