শমীকের ‘ডিমথেরাপি’ আশঙ্কা সত্যি কোচবিহারে! দলীয় কার্যালয়ে আটক বিজেপি নেতা

কোচবিহার: বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের আশঙ্কাই অবশেষে সত্যি হলো কোচবিহারে। গোষ্ঠীদ্বন্দ্বের জেরে দলেরই কর্মীদের ছোড়া ডিমের মুখে পড়লেন বিজেপি নেতৃত্ব। ঘটনাটি ঘটেছে শীতলখুচির ছোট শালবাড়ি এলাকায়।
কী ঘটেছিল? সোমবার পঞ্চায়েত কার্যালয়ে তৃণমূলের প্রধান ও সদস্যদের পুনরায় প্রবেশের চেষ্টা করানোর অভিযোগ ওঠে বিজেপিরই একটি অংশের বিরুদ্ধে। এ নিয়ে বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে তীব্র উত্তেজনা ছড়ায়। ক্ষুব্ধ কর্মীরা ৫ নম্বর মণ্ডল সভাপতি পবিত্র অধিকারী, মনা সরকার ও পবিত্র বর্মন সহ একাধিক নেতাকে দলীয় কার্যালয়ে আটকে রেখে তুমুল বিক্ষোভ দেখায়। পরিস্থিতি সামাল দিতে পুলিশ পৌঁছালে ক্ষুব্ধ বিজেপি কর্মীরা নেতাদের লক্ষ্য করে ডিম ছুড়তে শুরু করে। পরবর্তীতে নেতাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এমনকি গ্রাম পঞ্চায়েত অফিসেও তালা ঝুলিয়ে দেন স্থানীয়রা।
নেতৃত্বের বক্তব্য:
- পবিত্র অধিকারী (মণ্ডল সভাপতি): “সাধারণ মানুষ যাতে পঞ্চায়েত থেকে সঠিক পরিষেবা পান, সেই কারণেই আলোচনা করে কাজ শুরুর উদ্যোগ নেওয়া হয়েছিল। অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।”
- সাবিত্রী বর্মন (বিজেপি বিধায়ক, শীতলখুচি): “এখানে বিজেপির কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই। সাধারণ মানুষ তৃণমূলের ওপর ক্ষিপ্ত, তাই এই জনরোষের সৃষ্টি হয়েছে। বিজেপি চায় দপ্তরগুলো ঠিকভাবে চলুক।”