ইডেন কিউরেটরের রাজকীয় জবাব! অপবাদের মুখে দাঁড়িয়ে নিজের পকেটের ২ লাখ টাকা মালিদের দিলেন সুজন

ইডেন কিউরেটরের রাজকীয় জবাব! অপবাদের মুখে দাঁড়িয়ে নিজের পকেটের ২ লাখ টাকা মালিদের দিলেন সুজন

কলকাতা: ইডেন গার্ডেন্সের কিউরেটর সুজন মুখোপাধ্যায় ময়দানে পরিচিত একরোখা ও নীতিবান মানুষ হিসেবে। বাইরে থেকে কঠোর মনে হলেও, ভেতরের মানুষটা যে কতটা দরদী, তা ইডেনের মালিরা ভালো করেই জানেন। সম্প্রতি আইপিএলের সেরা মাঠ হিসেবে ইডেন ৫০ লাখ টাকার পুরস্কার পেয়েছিল। সিএবি সিদ্ধান্ত নেয়, এর ৪০% পাবেন অফিস কর্মীরা এবং বাকি ৬০% ভাগ করা হবে সিএবি-র অধীনে থাকা সমস্ত মাঠকর্মীদের মধ্যে।

বিতর্কের সূচনা এখানেই। সুজনবাবুর যুক্তি ছিল— আইপিএলে রোদ-ঝড়-জল উপেক্ষা করে সকাল ৭টা থেকে রাত ২টো পর্যন্ত ইডেনের মালিরাই সবচেয়ে বেশি খেটেছেন। তাই সিংহভাগ অর্থ তাঁদের পাওয়া উচিত, বাকি মাঠের মালিরা পান প্রতীকী অংশ। কিন্তু সিএবি-র কর্তারা সেই যুক্তি না মেনে সবাইকে সমান অর্থ দেওয়ার সিদ্ধান্ত নেন। উল্টে চাউর করে দেওয়া হয়, সুজনবাবু নাকি নিজের জন্য ৫ লাখ টাকা চেয়েছেন!

এই অপবাদের জবাব সুজন মুখোপাধ্যায় দিলেন একদম নিঃশব্দে। ইডেনের ১৬ জন মালি ও ৪ জন সহকারী কিউরেটরকে নিজের পকেট থেকে ১০ হাজার টাকা করে— মোট ২ লাখ টাকা ব্যক্তিগতভাবে দিয়ে দিলেন। এতে ইডেনের মালিরা অন্য মাঠের কর্মীদের চেয়ে শেষ পর্যন্ত বেশি অর্থই পেলেন।

সিএবি কর্তাদের কটাক্ষের মুখে না গিয়ে, নিজের নীতি ও দর্শনকে জিতেয়ে দিলেন ‘মুখুজ্জ্যেমশাই’। স্থানীয় ক্রিকেট মহলের মতে, যিনি অতীতেও মালিদের ছেলেমেয়েদের পড়ালেখা বা বিয়ের জন্য নিজের পকেট থেকে লাখ লাখ টাকা খরচ করেছেন, তাঁকে নিয়ে ৫ লাখ টাকার লোভের অভিযোগ তোলা নিতান্তই হাস্যকর ছিল। আর কাজের মাধ্যমে সেই প্রমানই হাতেনাতে দিয়ে দিলেন ইডেনের অভিজ্ঞ এই কিউরেটর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *