পাসওয়ার্ড আর নয়, অনলাইন নিরাপত্তায় নতুন ভরসা ‘পাসকী’!

বর্তমান ডিজিটাল যুগে অনলাইন অ্যাকাউন্টের নিরাপত্তা রক্ষা করা অন্যতম বড় চ্যালেঞ্জ। পাসওয়ার্ড চুরি, ফিশিং অ্যাটাক কিংবা হ্যাকিংয়ের ভয় এড়িয়ে সাইবার দুনিয়ায় নিশ্চিন্তে থাকতে এখন জনপ্রিয় হয়ে উঠছে ‘পাসকী’ (Passkey) প্রযুক্তি। ইতোমধ্যে গুগল, অ্যাপল ও মাইক্রোসফটের মতো টেক জায়ান্টরা তাদের সেবায় পাসকী সুবিধা চালু করেছে।
পাসকী আসলে কী?
পাসকী হলো আধুনিক ও অত্যন্ত সুরক্ষিত একটি ডিজিটাল লগইন ব্যবস্থা। এর জন্য জটিল কোনো পাসওয়ার্ড মনে রাখতে হয় না। এর বদলে ব্যবহারকারীর নিজস্ব ডিভাইসের ফিঙ্গারপ্রিন্ট, ফেস আইডি বা পিন কোড ব্যবহার করেই অ্যাকাউন্টে প্রবেশ করা যায়।
কেন এটি পাসওয়ার্ডের চেয়ে বেশি নিরাপদ?
সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, পাসকী ব্যবহারে ফিশিং ও ডেটা ব্রিচের ঝুঁকি প্রায় শূন্য। কারণ, এই প্রযুক্তিতে কোনো পাসওয়ার্ড কোনো রিমোট সার্ভারে জমাই থাকে না। ফলে হ্যাকারদের পক্ষে অ্যাকাউন্টে সিঁধ কাটা আসাম্ভব বললেই চলে।
কোথায় কোথায় ব্যবহার করা যাবে?
গুগল, অ্যাপল আইডি, মাইক্রোসফট, হোয়াটসঅ্যাপ, অ্যামাজন, পেপল ও গিটহাবের মতো বৈশ্বিক প্ল্যাটফর্মগুলোতে পাসকী বেশ সফলভাবে কাজ করছে। এ ছাড়া বিভিন্ন মোবাইল ব্যাংকিং অ্যাপ ও ডিজিটাল ব্যাংকিং সেবাতেও এখন ফিঙ্গারপ্রিন্ট বা ফেস আইডি ভিত্তিক এই লগইন ব্যবস্থা দ্রুত যুক্ত করা হচ্ছে।
কীভাবে পাসকী সেটআপ করবেন?
- কাঙ্ক্ষিত অ্যাপ বা ওয়েবসাইটের Security Settings-এ যান।
- ‘Create Passkey’ বা ‘Set up Passkey’ অপশনটি নির্বাচন করুন।
- ডিভাইসের ফিঙ্গারপ্রিন্ট, ফেস আইডি বা পিন দিয়ে নিজের পরিচয় ভেরিফাই করে নিন।
একবার সেটআপ হয়ে গেলে পাসকী স্বয়ংক্রিয়ভাবে আপনার ডিভাইসে সেভ হয়ে যাবে। এরপর থেকে আর কোনো পাসওয়ার্ড ছাড়া কেবল আঙুলের ছাপ বা ফেস আইডি দিয়েই নিমেষে অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবেন।