বিধানসভায় কণ্ঠরোধ! কুণাল ঘোষের বিস্ফোরক মামলা নিয়ে আদালত যা জানাল?

বেলাঘাটার বিধায়ক কুণাল ঘোষের করা বহুল আলোচিত ‘কণ্ঠরোধ’ মামলাটি খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। বিধানসভায় তাঁকে বক্তব্য রাখতে দেওয়া হচ্ছে না এবং বক্তার তালিকা থেকে নাম বাদ দেওয়া হচ্ছে—এমন অভিযোগ তুলিয়েই আদালতের দ্বারস্থ হয়েছিলেন তিনি। শুনানির সময় বিচারপতি কৃষ্ণা রাও স্পষ্ট জানিয়ে দেন, এই ধরনের বিষয়ে আদালতের সরাসরি হস্তক্ষেপ করার এক্তিয়ার বা করণীয় কিছু নেই। কুণাল ঘোষের আইনজীবী মামলাটির জুডিশিয়াল রিভিউ চেয়ে সওয়াল করলেও, বিধানসভার স্পিকারকে আদালত কীভাবে নির্দেশ দিতে পারে, সেই প্রশ্ন তোলে বিচারপতির এজলাস।
মামলার শুনানিতে বিধানসভার পক্ষের আইনজীবী যুক্তি দেন যে, ২৯৪ জন বিধায়কের প্রত্যেককে বিধানসভায় আলাদাভাবে বক্তব্য রাখার সুযোগ দেওয়া সবসময় সম্ভব হয় না এবং নির্দিষ্ট দিনে কুণাল ঘোষ নিজের বক্তব্য রেখেছিলেন। উভয় পক্ষের সওয়াল জবাব শোনার পর বিচারপতি কৃষ্ণা রাও মামলাটি খারিজ করে দেন। আদালত জানায়, এই সংক্রান্ত কোনো অভিযোগ বা ক্ষোভ থাকলে তা সরাসরি বিধানসভার স্পিকারের কাছেই জানাতে হবে।