সোমবার সকালেই কলকাতায় যানজটের আশঙ্কা! বিজেপি-র ‘তেরঙা যাত্রা’য় স্তব্ধ হতে পারে কোন কোন রাস্তা? জেনে নিন

কলকাতা: স্বাধীনতা দিবস উপলক্ষে আগামী সোমবার, ১০ অগাস্ট কলকাতায় এক সুবিশাল ‘তেরঙা যাত্রা’র আয়োজন করতে চলেছে বিজেপি। ধর্মতলার নেতাজি মূর্তির পাদদেশ থেকে শুরু হতে যাওয়া এই মিছিলে প্রায় ৫০ হাজারেরও বেশি মানুষের সমাগম হতে পারে বলে ধারণা করা হচ্ছে। সপ্তাহের প্রথম কাজের দিনে এত বড় জমায়েতের কারণে মধ্য ও দক্ষিণ কলকাতার একাংশে তীব্র যানজটের আশঙ্কা করা হচ্ছে। সাধারণ মানুষের ভোগান্তি এড়াতে কলকাতা পুলিশ ইতিমধ্যেই জারি করেছে বিশেষ ট্র্যাফিক নির্দেশিকা।
যেসব রাস্তায় যান চলাচল ও পার্কিং বন্ধ থাকবে
লালবাজার সূত্রে জানানো হয়েছে, ১০ অগাস্ট দিনভর রেড রোড, খিদিরপুর রোড, মেয়ো রোড, জওহরলাল নেহরু রোড, ক্যাথেড্রাল রোড, কুইন্সওয়ে, কিংসওয়ে, প্লাসি গেট রোড, আর আর অ্যাভিনিউ, লাভার্স লেন এবং ক্যাসুয়ারিনা অ্যাভিনিউয়ের মতো একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় সাধারণ গাড়ি চলাচল নিয়ন্ত্রণ করা হবে। পাশাপাশি এই রাস্তাগুলির অধিকাংশ এলাকাতেই পার্কিং সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে। পরিস্থিতি অনুযায়ী আশেপাশের সংযোগকারী রাস্তাগুলি দিয়েও যানবাহন ঘুরিয়ে দেওয়া হতে পারে।
পণ্যবাহী গাড়ি চলাচলেও নিষেধাজ্ঞা
নিত্যদিনের ট্র্যাফিকের পাশাপাশি পণ্যবাহী যানবাহনের ওপরও কড়া নজরদারি থাকবে। সোমবার দিনভর দ্বিতীয় হুগলি সেতু, এজেসি বোস রোড (মৌলালি থেকে হেস্টিংস), সেন্ট জর্জেস গেট রোড, সিআর অ্যাভিনিউ, স্ট্র্যান্ড রোড এবং এসপি মুখার্জি রোডে পণ্যবাহী গাড়ি চলাচল বন্ধ রাখা হবে।
জরুরি পরিষেবায় ছাড়: তবে সাধারণ মানুষের সুবিধার কথা মাথায় রেখে দুধ, ওষুধ, সবজি, মাছ, ফল, অক্সিজেন এবং রান্নার গ্যাস (LPG/CNG) ও জ্বালানি তেল বহনকারী গাড়িগুলিকে এই নিষেধাজ্ঞার আওতার বাইরে রাখা হয়েছে।
সপ্তাহের প্রথম দিনেই যারা অফিসের উদ্দেশে বের হবেন, চরম ভোগান্তি এড়াতে আগে থেকেই ট্র্যাফিক রুট দেখে যাত্রা পরিকল্পনা করার পরামর্শ দিচ্ছে পুলিশ।