ঝাড়খণ্ডে বিক্ষোভের ১৪ দিনে বড় মোড়, বৈঠকে কি মিলল জাস্টিস?

জেপিএসসি ও জেএসএসসি নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ ঘিরে টানা আন্দোলনের মধ্যে প্রথমবার মুখোমুখি বৈঠকে বসেছে ঝাড়খণ্ড সরকারের প্রতিনিধি দল এবং আন্দোলনরত চাকরিপ্রার্থীরা। রাঁচির জয়পাল সিং মুন্ডা স্টেডিয়ামে চলা এই বৈঠকের পর উভয় পক্ষই আলোচনার পরিবেশকে ইতিবাচক বলে মনে করলেও, দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন ও অনশন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন পড়ুয়ারা।
পাঁচ সদস্যের সরকারি প্রতিনিধি দলের সঙ্গে দীর্ঘ আলোচনায় পরীক্ষার্থীরা তাঁদের সমস্ত দাবি বিস্তারিতভাবে তুলে ধরেন। ১৪তম জেপিএসসি সিভিল সার্ভিস পরীক্ষার ফল বাতিল এবং নিয়োগ দুর্নীতির নিরপেক্ষ তদন্ত সিবিআই বা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতির মাধ্যমে করানোর জোরালো দাবি জানানো হয়েছে। সরকারের পক্ষ থেকে দাবিগুলো গুরুত্ব দিয়ে বিবেচনার আশ্বাস মিললেও, পরবর্তী আলোচনা ও চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় অনড় রয়েছেন চাকরিপ্রার্থীরা।