জনবসতিপূর্ণ এলাকায় নিঃশব্দ মৃত্যু, ডুপ্লেক্স হাউস থেকে উদ্ধার মহিলার এক বছরের পুরনো কঙ্কাল!

চারপাশ ঘিরে প্রতিবেশীদের গমগমানি, অথচ তার মাঝেই নিজের ডুপ্লেক্স বাড়িতে প্রায় এক বছর ধরে নিঃশব্দে পড়ে রইল এক মহিলার দেহ! সময়ের নিয়মে মাংস-চামড়া খসে গিয়ে অবশেষে তা পরিণত হলো কঙ্কালে। শুক্রবার বেঙ্গালুরুর বাগালাগুন্তে এলাকার হাভানুর লেআউটে ঘটে যাওয়া এই নির্মম ও মর্মান্তিক ঘটনায় এলাকা জুড়ে চরম চাঞ্চল্য ছড়িয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, মৃত মহিলার নাম দাক্ষায়িনী (৫২)। তিনি ওই দোতলা বাড়িতে একাই থাকতেন। প্রায় এক বছর আগেই তাঁর মৃত্যু হয়েছে বলে প্রাথমিক অনুমান পুলিশের। প্রতিবেশীরা বাড়ি থেকে তীব্র দুর্গন্ধ পেয়ে পুলিশে খবর দিলে, বন্ধ ঘরের ভেতর থেকে তাঁর কঙ্কালটি উদ্ধার করা হয়।
স্থানীয সূত্রে জানা গেছে, দাক্ষায়িনীর জীবন ছিল শোক ও ট্র্যাজেডিতে ভরা। প্রায় ১০ বছর আগে স্বামী উমেশের মৃত্যুর পর ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যায় তাঁর একমাত্র ছেলেও। স্বামী ও সন্তানকে হারিয়ে মানসিকভাবে অত্যন্ত বিপর্যস্ত হয়ে পড়েছিলেন তিনি। এর পর থেকে একা একাই দিন কাটছিল তাঁর। আত্মীয়স্বজন বা মেয়ে-জামাইয়ের সঙ্গেও তাঁর সেরকম যোগাযোগ ছিল না। ফলে মৃত্যুর পর বন্ধ ঘরে দেহ পড়ে থাকলেও এতদিন কেউ টেরও পাননি।
ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে ফরেনসিক দল নমুনা সংগ্রহ করেছে। মৃত্যুর আসল কারণ জানতে দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এটি স্বাভাবিক মৃত্যু নাকি এর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। তবে ঘিঞ্জি লোকালয়ের মাঝে একটি দেহ এতদিন ধরে পড়ে রইল অথচ কারও নজরে এলো না—এই প্রশ্নই এখন সবাইকে ভাবিয়ে তুলছে।