এবার সরকারি হাসপাতালেই সান্ধ্য ওপিডি! বদলাতে চলেছে স্বাস্থ্য পরিষেবার চেনা ছবি

রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে এবার ‘রেভিনিউ শেয়ারিং’ মডেলে সান্ধ্যকালীন বহির্বিভাগ বা ‘ইভিনিং ওপিডি’ চালু করার পরিকল্পনা করছে স্বাস্থ্য দফতর। সাধারণ মানুষকে সাশ্রয়ী মূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ দেওয়ার লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। সকালে বিনামূল্যে পাওয়া ওপিডির ভিড় এড়াতে এবং বিকেলের দিকে জটিল রোগীদের অন্যত্র রেফার করা বন্ধ করতে স্বাস্থ্যমন্ত্রী ডা. শারদ্বত মুখোপাধ্যায়ের উপস্থিতিতে এই বিষয়ে আলোচনা করা হয়। মূলত, সকাল ও বিকেল—দুই স্লটেই সরকারি পরিকাঠামোয় অভিজ্ঞ চিকিৎসকদের যুক্ত রাখাই এই ভাবনার মূল উদ্দেশ্য।
প্রস্তাবিত এই ‘ইভিনিং পে ক্লিনিক’-এর মোট আয়ের ৬০ শতাংশ পাবেন সংশ্লিষ্ট চিকিৎসক, ২০ শতাংশ নার্স এবং ১০ শতাংশ পাবেন গ্রুপ-ডি কর্মী। বাকি ১০ শতাংশ অর্থ জমা পড়বে সরকারি কোষাগারে। যেমন, ৫০০ টাকা ফি নির্ধারিত হলে চিকিৎসক পাবেন ৩০০ টাকা এবং ৫০ টাকা যাবে হাসপাতালের তহবিলে। নীতিগত এই প্রস্তাবটি চূড়ান্ত অনুমোদনের জন্য রাজ্য মন্ত্রিসভায় পেশ করা হবে। উল্লেখ্য, রাজ্যের বেশ কিছু জেলা ও সুপার স্পেশালিটি হাসপাতালে ইতিমধ্যেই বিকেল ৩টে থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই সার্ভিস চালু রয়েছে।