‘রাস্তা আপনার নয়!’ সল্টলেকে ‘মুখোমুখি’ কর্মসূচিতে বেআইনি পার্কিং ও ইমারতি দ্রব্য নিয়ে অগ্নিমিত্রার কড়া হুঁশিয়ারি

সল্টলেক: সল্টলেকের বিজেপি কার্যালয়ে আয়োজিত ‘মুখোমুখি’ কর্মসূচিতে উপস্থিত হয়ে নাগরিকদের সমস্যা শুনলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। শনিবার দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত প্রায় ঘণ্টাখানেক তিনি স্থানীয় অধিবাসীদের নানা অভাব-অভিযোগ মনোযোগ দিয়ে শোনেন এবং তা নোট করে নেন। সমস্যার দ্রুত সমাধানের আশ্বাস দেওয়ার পাশাপাশি শহরজুড়ে চলা একাধিক বেআইনি কাজের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দেন তিনি।
কর্মসূচি শেষে সংবাদমাধ্যমের সামনে মন্ত্রী রাস্তায় যেখানে-সেখানে বালি, পাথর ও ইমারতি জিনিসপত্র ফেলে রাখা এবং রাতে বাস ও প্রাইভেট গাড়ির বেআইনি পার্কিং নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তিনি স্পষ্ট জানান, “রাস্তা আপনার ব্যক্তিগত সম্পত্তি নয়।” বিল্ডার্স বা সাধারণ নাগরিক—কাজের নামে রাস্তা আটকে রাখলে আগামী দিনে মোটা অঙ্কের জরিমানা করা হবে বলে তিনি সতর্ক করেন। পাশাপাশি, রাতে রাস্তার ওপর বাস ও গাড়ি পার্কিং বন্ধ করে নির্দিষ্ট পার্কিং লট ব্যবহারের নির্দেশ দেন।
দলের একাংশের তোলাবাজি ও দুর্নীতি প্রসঙ্গেও তিনি কড়া বার্তা দিয়ে বলেন, “রাজ্য সভাপতি ও মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই স্পষ্ট নির্দেশ দিয়েছেন। কোনোভাবেই দুর্নীতি, তোলাবাজি বা দাদাগিরি বরদাস্ত করা হবে না।”
রাজ্যের বাকি পুরসভা ও কর্পোরেশন এলাকাতেও পর্যায়ক্রমে এই ‘মুখোমুখি’ কর্মসূচি চালুর কথা জানান মন্ত্রী। বর্তমানে নির্দিষ্ট ফোন নম্বরের মাধ্যমেও সাধারণ মানুষ মন্ত্রীর কাছে তাঁদের সমস্যার কথা জানাতে পারছেন।