হিলিতে পুলিশের মেগা ক্র্যাকডাউন: কোটি টাকার মাদকসহ জালে ৩, নেপথ্যে কি আন্তর্জাতিক চক্র?

হিলি ও বালুরঘাট:
দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে পুলিশি অভিযানে মিলল এক বিরাট সাফল্য। হিলি সীমান্ত থানা এলাকায় এক ঝটিকা অভিযান চালিয়ে আনুমানিক ১ কোটি টাকা বাজারমূল্যের নিষিদ্ধ মাদক উদ্ধার করল পুলিশ। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৩ পাচারকারীকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নাম বিশ্বজিৎ বর্মন, পিন্টু সরকার এবং ফয়েজ মণ্ডল।
কীভাবে এল সাফল্য?
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন মারফত খবর পেয়ে হিলি থানা এলাকার একটি বাড়িতে হানা দেয় পুলিশ। জানা যায়, ফয়েজ মণ্ডলের বাড়িতে আগেই নিষিদ্ধ মাদক লুকিয়ে রেখে গিয়েছিল পিন্টু ও বিশ্বজিৎ। পুলিশ ওই বাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ১৯০ গ্রাম উচ্চক্ষমতাসম্পন্ন নিষিদ্ধ মাদক বাজেয়াপ্ত করে এবং তিনজনকেই গ্রেফতার করে।
আদালতের নির্দেশে পুলিশ হেফাজত:
শনিবার ধৃতদের বালুরঘাট আদালতে পেশ করা হলে বিচারক তাদের ২ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। আদালতের সরকারি আইনজীবী অলীপ বসাক জানান, “জেলায় নেশার বিরুদ্ধে ধারাবাহিক অভিযান চালাচ্ছে দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ। পুলিশের এই নেশামুক্তি অভিযান অত্যন্ত প্রশংসনীয়।” ধৃতদের জেরা করে এই বড়সড় মাদক পাচার চক্রের শিকড়ে পৌঁছাতে চায় পুলিশ।
আন্তর্জাতিক লিঙ্ক ও সীমান্ত সতর্কতা:
দক্ষিণ দিনাজপুর জেলাটি বাংলাদেশ সীমান্তবর্তী হওয়ায় পুলিশ আধিকারিকদের উদ্বেগ আরও বাড়ছে। বর্তমানে বাংলাদেশে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ‘আইএসআই’-এর সক্রিয়তা বৃদ্ধির খবর সামনে আসছে, যার ফলে সীমান্ত পেরিয়ে এই বিপুল মাদক ভারতে ঢোকানো হচ্ছিল কি না—তা গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে। সীমান্ত এলাকায় নজরদারি আরও কঠোর করা হয়েছে বলে জেলা পুলিশ সূত্রে খবর।