পরীক্ষায় পাশ করেও চাকরি নেই, রাস্তায় ঘাস খেয়ে অভিনব প্রতিবাদ হবু শিক্ষকদের

কেরলের প্রাথমিক স্কুলের (এলপিএসটি) নিয়োগ প্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা এবং দুর্নীতির অভিযোগে উত্তাল হয়ে উঠেছে রাজধানী তিরুঅনন্তপুরম। সরকারি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরেও দীর্ঘ সময় পার হয়ে গেলেও নিয়োগপত্র না পাওয়ায় গত ৩৪ দিন ধরে পথে নেমেছেন শত শত চাকরিপ্রার্থী। শনিবার নিজেদের দাবি আদায়ের লক্ষ্যে রাস্তায় বসে ঘাস খেয়ে এক নজিরবিহীন ও প্রতীকী প্রতিবাদ কর্মসূচি পালন করেন বিক্ষোভকারীরা। আন্দোলনকারীদের অভিযোগ, সরকার লাগাতার তাঁদের দাবি উপেক্ষা করছে এবং নিয়োগ প্রক্রিয়া নিয়ে কোনো স্বচ্ছ তথ্য প্রকাশ করছে না। দুই মাস সময় চেয়েও সরকার কোনো সুনির্দিষ্ট কারণ ব্যাখ্যা করতে ব্যর্থ হওয়ায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন চাকরিপ্রার্থীরা।
এদিকে, কেরালা পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষার মূল্যায়নে বড় ধরনের অনিয়মের অভিযোগ ওঠার পর পরিস্থিতি আরও জটিল হয়েছে। রাজ্য সরকার এই ঘটনার তদন্তে ক্রাইম ব্রাঞ্চের হাতে দায়িত্ব তুলে দিয়েছে এবং ঘটনার সত্যতা যাচাইয়ে একটি বিশেষ তদন্তকারী দল (এসআইটি) গঠন করেছে। এক উচ্চপদস্থ পুলিশ কর্তার নেতৃত্বে এই মামলার তদন্ত চলছে। একদিকে দুর্নীতির অভিযোগের তদন্ত, অন্যদিকে যোগ্য চাকরিপ্রার্থীদের লাগাতার আন্দোলন—সব মিলিয়ে কেরলের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে বড় প্রশ্ন উঠে দাঁড়িয়েছে। অবিলম্বে মেধার ভিত্তিতে নিয়োগ সম্পন্ন করার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।