সিবিআই তদন্তে অসন্তোষ: এবার আর জি কর কাণ্ডে নতুন করে স্বাতন্ত্র্য তদন্তে নামছে রাজ্য স্বাস্থ্যদপ্তর!

আর জি কর মেডিক্যাল কলেজে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও হত্যাকাণ্ডের ঘটনায় সিবিআই তদন্তের গতি নিয়ে বারবার অসন্তোষ প্রকাশ করেছেন অভয়ার বাবা-মা। এই পরিস্থিতিতে রাজ্য সরকারের পক্ষ থেকে এবার পৃথকভাবে তদন্ত শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শনিবার এক সাংবাদিক বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় জানান, রাজ্যের ক্ষমতার পালাবদলের পর স্তিমিত হয়ে যাওয়া তদন্তকে নতুন সরকার ফের সক্রিয় করে তুলেছে। হাই কোর্টের নির্দেশে সিবিআইয়ের তদন্ত চললেও, স্বাস্থ্যদপ্তর নিজেদের মতো করে এই ঘটনার বিভাগীয় ও প্রশাসনিক গাফিলতিগুলো খতিয়ে দেখবে।
নতুন তদন্তে যা থাকছে:
- ঘটনার দিনের পুনর্নির্মাণ: অভয়ার মৃত্যুর দিন রাতে ঘটনাস্থলে কার কার যাতায়াত ছিল, তাঁদের ডেকে জিজ্ঞাসাবাদ করা হবে।
- শিক্ষকদের জিজ্ঞাসাবাদ: অভয়া যে বিভাগে কর্মরত ছিলেন, সেখানকার অধ্যাপকদের সঙ্গেও কথা বলবেন তদন্তকারী আধিকারিকেরা।
- গাফিলতি চিহ্নিতকরণ: আর জি কর হাসপাতালের প্রশাসনিক কাঠামোয় কোথায় কোথায় ফাঁক ছিল এবং তা কেন তৈরি হয়েছিল, তা খতিয়ে দেখা হবে।
- সত্য গোপানের চেষ্টা: অভিযোগ উঠেছিল যে স্বাস্থ্য ব্যবস্থার কিছু ‘অন্ধকার সত্য’ জেনে ফেলার কারণেই মুখ বন্ধ করতে সরিয়ে দেওয়া হয়েছিল ওই তরুণী চিকিৎসককে। পরবর্তীতে হাসপাতালের ত্রুটি ঢাকতে কারা যুক্ত ছিল, নতুন তদন্তে তাদেরও তলব করা হবে।
স্বাস্থ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, এই নতুন তদন্তের মূল নির্যাস ও রিপোর্ট রাজ্য সরকারের হাতে তুলে দেওয়া হবে।
রাজ্যজুড়ে ‘অভয়া দিবস’ পালন:
দুই বছর আগে ৯ আগস্টের সেই অভিশপ্ত রাতে আর জি করে ঘটেছিল এই নৃশংস ঘটনা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে রবিবার, ৯ আগস্ট রাজ্যজুড়ে সমস্ত সরকারি স্বাস্থ্যকেন্দ্রে ‘অভয়া দিবস’ পালিত হবে।
সকাল ১১টায় প্রতিটি স্বাস্থ্যকেন্দ্রে অভয়াকে স্মরণ করে দুই মিনিটের নীরবতা পালন, প্রদীপ প্রজ্বলন এবং সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এছাড়া, আজ বিকেলে অভয়ার মা তথা বিজেপি বিধায়ক রত্না দেবনাথের বিধানসভা কেন্দ্রের বিশেষ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়।