‘পে কমিশনের অফিসটাই কোথায়?’ নয়া বেতন কমিশন ঘিরে সরকারি কর্মীদের ক্ষোভ!

রাজ্যে সপ্তম বেতন কমিশন গঠনের লক্ষ্যে একধাপ এগিয়ে সম্প্রতি একাধিক গুরুত্বপূর্ণ শর্তাবলি ও কার্যপরিধি নির্দিষ্ট করে বিজ্ঞপ্তি জারি করেছে নবান্ন। বিধানসভা নির্বাচনের আগে বিজেপির ইস্তেহারে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, ক্ষমতায় এলে ৪৫ দিনের মধ্যে সপ্তম বেতন কমিশন চালু করা হবে। বাজেটেই নয়া পে কমিশনের ঘোষণা হওয়ার পর ২০২৭ সালের জানুয়ারি মাসের মধ্যেই তা চালুর কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সরকারের এই পদক্ষেপে সরকারি কর্মীদের একটি অংশ যেমন উচ্ছ্বসিত, তেমনই শিক্ষক সংগঠনও বিষয়টি নিয়ে মুখ খুলেছে।
তবে এই ইতিবাচক পদক্ষেপের মাঝেও প্রশাসনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি। সংগঠনের নেতা স্বপন মণ্ডল বলেন, পূর্বতন সরকারের আমলে আর্থিক বঞ্চনার অবসান হবে বলে আশা করা হলেও, নতুন এই পে কমিশনের নির্দিষ্ট অফিস কোথায় তৈরি হয়েছে তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। বাড়িভাড়া ভাতা ও মহার্ঘ ভাতা বা ডিএ নিয়ে আগের বঞ্চনার প্রসঙ্গ টেনে তিনি সরাসরি প্রশ্ন তোলেন, এই কমিশনের কার্যালয় কোথায় হয়েছে তা কেউ জানতে পারছে না কেন? সব মিলিয়ে বেতন কমিশন গঠন নিয়ে আশার পাশাপাশি নানা মহলে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে।