একটানে জালে ৪৬ মণ ইলিশ! মৎস্যজীবীদের ভাগ্য খুলল রাতারাতি!
August 9, 202611:33 am

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে এক বিরল সৌভাগ্যের মুখোমুখি হয়েছেন পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন এলাকার একদল মৎস্যজীবী। গভীর সমুদ্রে জাল ফেলতেই তাঁদের ট্রলারে ধরা পড়েছে মোট ৪৬ মণ ইলিশ। বর্তমান বাজারে ইলিশের ব্যাপক আকালের মাঝে এত বিপুল পরিমাণ মাছ একসঙ্গে জালে ওঠায় স্বাভাবিকভাবেই দারুণ উচ্ছ্বসিত মৎস্যজীবী ও সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।
গত শুক্রবার বিকেলে মহিপুর মৎস্য বন্দরে মাছগুলো নিলামের জন্য তোলা হয়। আড়ত সূত্রে জানা গেছে, ১ কেজি বা তার বেশি ওজনের ২৪ মণ ইলিশ প্রতি মণ ১ লক্ষ ১৫ হাজার টাকা এবং ৮০০ থেকে ৯০০ গ্রাম ওজনের ২২ মণ ইলিশ প্রতি মণ ৯৫ হাজার টাকা দরে বিক্রি হয়েছে। সব মিলিয়ে মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে প্রায় ৪৮ লক্ষ ৫০ হাজার টাকায় এই বিশাল মাছের চালান বিক্রি করা সম্ভব হয়েছে।