সীমান্তে দুষ্কৃতী তাণ্ডব! ভারতীয় চা-চাষিকে তুলে নিয়ে গেল বাংলাদেশিরা, চাঞ্চল্য জলপাইগুড়িতে

সীমান্তে দুষ্কৃতী তাণ্ডব! ভারতীয় চা-চাষিকে তুলে নিয়ে গেল বাংলাদেশিরা, চাঞ্চল্য জলপাইগুড়িতে

জলপাইগুড়ি: অনুপ্রবেশ ও চোরাচালানে বাধা দেওয়াই কি কাল হলো? ভারতের সীমান্তে ঢুকে এক চা-চাষিকে অপহরণ করে বাংলাদেশে তুলে নিয়ে যাওয়ার চাঞ্চল্যকর অভিযোগ উঠলো একদল বাংলাদেশি দুষ্কৃতীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লকের চাউলহাটি বর্ডার আউটপোস্ট (BOP) সংলগ্ন তসর পাড়া এলাকায়। অপহৃত যুবকের নাম দীপঙ্কর গোপ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, কুকুরজান গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা দীপঙ্করবাবু বাংলাদেশ সীমান্তের ঠিক পাশেই থাকা নিজের চা বাগানে রোজকারের মতো কাজ করছিলেন। সেই সময় আচমকাই কয়েকজন বাংলাদেশি দুষ্কৃতী সীমান্ত পেরিয়ে ভারতীয় ভূখণ্ডে ঢোকে এবং তাঁকে জোরপূর্বক টেনে-হিঁচড়ে সীমান্তের ওপাড়ে নিয়ে যায়। দীপঙ্করবাবু আত্মরক্ষার চেষ্টা করলেও দুষ্কৃতীদের হাত থেকে রেহাই পাননি।

ঘটনার পরই চরম উত্তেজনা ছড়ায় এলাকায়। অপহৃত তরুণকে দ্রুত উদ্ধার করতে তৎক্ষণাৎ তৎপর হয় সীমান্ত রক্ষী বাহিনী (BSF)। সূত্রের খবর, দীপঙ্কর গোপ বর্তমানে বর্ডার গার্ড বাংলাদেশের (BGB) হেফাজতে রয়েছেন। তাঁকে সুস্থ শরীরে দেশে ফিরিয়ে আনতে ইতিমধ্যই BGB-র সাথে জরুরি ফ্ল্যাগ মিটিং শুরু করেছেন বিএসএফ কর্তারা। BSF-এর প্রাথমিক অনুমান, সীমান্তে চোরাচালান ও বেআইনি অনুপ্রবেশে বাধা দেওয়ার কারণেই এই অপহরণের ঘটনা ঘটে থাকতে পারে।

এদিকে ঘটনার পর থেকে চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছে অপহৃত যুবকের পরিবার। দীপঙ্করের বাবা মিছরি লাল গোপ ব্যাকুল হয়ে জানান, “ছেলে আর পাঁচটা দিনের মতোই বাগানে কাজ করতে গিয়েছিল। হঠাৎ শুনলাম ওকে ওপাড়ে টেনে নিয়ে যাওয়া হয়েছে। বিএসএফ চেষ্টা করছে, আমি শুধু চাই আমার ছেলে যেন দ্রুত ও সহিষ্ণুভাবে ঘরে ফিরে আসে।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *