আমেরিকায় ভারতের পণ্য আমদানিতে কি বসতে চলেছে ১০০ শতাংশ শুল্ক?

আম আদমি পার্টির আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল কেন্দ্রের বিদেশনীতি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কঠোর সমালোচনা করে অভিযোগ করেছেন যে, মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে অতিরিক্ত সমঝোতার ফলে ভারত আজ এক কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়েছে। সামাজিক মাধ্যমে এক পোস্টে তিনি দাবি করেন, দেশের ছোট-বড় নীতি নির্ধারণে মার্কিন প্রভাব স্পষ্ট এবং আমেরিকার কাছে দেশকে একপ্রকার বন্দক রাখা হয়েছে। মার্কিন সিনেটে সম্প্রতি পাশ হওয়া একটি বিলকে কেন্দ্র করে এই রাজনৈতিক বিতর্ক তুঙ্গে উঠেছে।
মার্কিন সিনেটে ৮৬-১১ ভোটে অনুমোদিত ‘লিন্ডসে ও. গ্রাহাম স্যাংশনিং রাশিয়া অ্যান্ড ইরান অ্যাক্ট অফ ২০২৬’ বিলে রাশিয়া ও ইরান থেকে জ্বালানি আমদানিকারক দেশগুলির বিরুদ্ধে শাস্তিমূলক শুল্কের প্রস্তাব রয়েছে। এই তালিকায় ভারত ছাড়াও রয়েছে চিন, আজারবাইজান, হাঙ্গেরি ও স্লোভাকিয়া। বিলটি কার্যকর হলে সংশ্লিষ্ট দেশগুলির পণ্যের ওপর সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত শুল্ক বসানো হতে পারে। মার্কিন আইনপ্রণেতাদের মতে, এই বাণিজ্য মস্কোর অর্থনীতিকে শক্তিশালী করছে এবং যুদ্ধ দীর্ঘায়িত করছে। এই পরিস্থিতিতে ভারতের অর্থনীতি ও কূটনীতিতে বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি হওয়ায় কেন্দ্রীয় সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে রাজনৈতিক মহল।