অভয়া কাণ্ডে বড় মোড়! রাতের সেই রহস্য উদঘাটনে এবার তলব সবাইকে?

কলকাতা: বহুল আলোচিত অভয়া কাণ্ডে তদন্তের পরিধি আরও বাড়িয়ে বড় পদক্ষেপ নিল স্বাস্থ্যদপ্তর। ঘটনার রাতে এবং মৃত্যুর পর হাসপাতালে বা সংশ্লিষ্ট এলাকায় উপস্থিত থাকা প্রত্যেক ব্যক্তিকে ডেকে জিজ্ঞাসাবাদ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার স্বাস্থ্যভবনে এক গুরুত্বপূর্ণ সাংবাদিক বৈঠকে এই ঘোষণা করেন স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। তিনি জানান, মুখ্যমন্ত্রীর সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকের পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি, তদন্তে স্বচ্ছতা বজায় রাখতে এবং প্রকৃত সত্য সামনে আনতে নির্যাতিতার শিক্ষাগুরুদেরও বক্তব্য শোনা হবে। কোন কোন জায়গায় নিরাপত্তা বা প্রশাসনিক ফাঁকফোকর ছিল এবং তা কীভাবে ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছিল, সেই সমস্ত দিক খতিয়ে দেখছে তদন্তকারী দল।
এদিকে, এই ঘটনার প্রতিবাদে এবং অভয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে রবিবার সকাল ১১টায় রাজ্যের সমস্ত স্বাস্থ্যকেন্দ্র ও প্রতিষ্ঠানে দুই মিনিট নীরবতা পালন ও প্রদীপ প্রজ্জ্বলনের নির্দেশ দেওয়া হয়েছে। এদিন স্বাস্থ্যমন্ত্রী নবগঠিত স্বাস্থ্য কমিশনের চেয়ারপার্সন অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসু এবং কমিশনের অন্যান্য সদস্যদের সঙ্গে বৈঠক করেন। কমিশনের অন্যতম সদস্য তথা প্রাক্তন স্বাস্থ্য অধিকর্তা ডাঃ সুশান্ত বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে জানিয়েছেন, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত পরিচালনা করাই তাদের এই মুহূর্তে প্রধান লক্ষ্য। স্বাস্থ্যদপ্তরের এই পৃথক তদন্ত এবং ব্যাপক জিজ্ঞাসাবাদের পর নতুন কোনো তথ্য সামনে আসে কি না, সেদিকেই এখন নজর সকলের।