আবাস যোজনার সার্ভের নামে ঘরে ঢুকে যুবতীকে ধর্ষণের চেষ্টা! হিঙ্গলগঞ্জে গ্রেফতার পঞ্চায়েতের অস্থায়ী কর্মী

উত্তর চব্বিশ পরগনা: আবাস যোজনার তথ্য যাচাই করতে গিয়ে এক যুবতীকে ধর্ষণের চেষ্টা ও শ্লীলতাহানির অভিযোগে তীব্র চাঞ্চল্য ছড়ালো উত্তর চব্বিশ পরগনার হিঙ্গলগঞ্জে। ঘটনায় যুক্ত থাকা অভিযুক্ত পঞ্চায়েতের অস্থায়ী কর্মীকে ইতি মধ্যেই গ্রেফতার করেছে পুলিশ।
ঘটনার বিবরণ: শনিবার আবাস যোজনার সমীক্ষার কাজে হিঙ্গলগঞ্জের একটি বাড়িতে যান ওই অস্থায়ী কর্মী। সেই সময় বাড়িতে ওই যুবতী একা ছিলেন। অভিযোগ, বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে তথ্য যাচাইয়ের অজুহাতে ভেতরে ঢোকেন অভিযুক্ত এবং ওই যুবতীকে ধর্ষণের চেষ্টা করেন। যুবতীর চিৎকারে স্থানীয় বাসিন্দারা ছুটে এলে অভিযুক্ত চম্পট দেয়।
পরবর্তীকালে পরিবারের পক্ষ থেকে হিঙ্গলগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে।
কাটমানির অভিযোগ: স্থানীয়দের একাংশের দাবি, অভিযুক্ত ব্যক্তি পূর্বে তৎকালীন শাসক দলের নাম ভাঙিয়ে বহু মানুষের কাছ থেকে আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে কাটমানি ও টাকা আত্মসাত করেছেন। অভিযুক্তকে বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হয়েছে।