হরমুজের চিন্তা নেই! কাতারকে পিছনে ফেলে কোন দেশের থেকে রেকর্ড পরিমাণ গ্যাস কিনছে ভারত?

মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক অস্থিরতা এবং হরমুজ প্রণালীতে জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটায় নিজেদের জ্বালানি নিরাপত্তা বজায় রাখতে বড়সড় কৌশলগত পরিবর্তন এনেছে ভারত। ইকুইরাস সিকিউরিটিজের সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, কাতারকে পেছনে ফেলে বর্তমানে ভারতের সর্ববৃহৎ এলএনজি সরবরাহকারী দেশ হয়ে উঠেছে মার্কিন যুক্তরাষ্ট্র। গত মে মাস থেকে জুলাই মাস পর্যন্ত কাতার থেকে ভারতের এলএনজি আমদানি প্রায় ৯১ শতাংশ কমেছে। এর বিপরীতে, একই সময়ে আমেরিকা থেকে এই জ্বালানি আমদানির পরিমাণ অবিশ্বাস্যভাবে ২৫৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
তবে বিকল্প উৎস থেকে জ্বালানি সংগ্রহ করতে গিয়ে ভারতের অর্থনীতিতে অতিরিক্ত চাপের সৃষ্টি হয়েছে। কাতারের তুলনায় আমেরিকা থেকে এলএনজি আমদানিতে প্রতি এমএমবিটিতে অতিরিক্ত দুই থেকে তিন ডলার খরচ করতে হচ্ছে কেন্দ্রকে। এর জেরে গত মার্চ থেকে এপ্রিলের মধ্যে গ্যাস আমদানির গড় মূল্য টন প্রতি ৪৯৯ ডলার থেকে বেড়ে ৬০২ ডলারে পৌঁছেছে। সবমিলিয়ে অতিরিক্ত তিন হাজার কোটি টাকারও বেশি আর্থিক ক্ষতি সহ্য করতে হয়েছে দেশকে, যা ভবিষ্যতে সাধারণ মানুষের জন্য গ্যাসের দাম বৃদ্ধির আশঙ্কা বাড়িয়ে তুলছে।