বিস্ময়কর সিদ্ধান্ত! ভারত থেকে হঠাৎ কেন আড়াই টন টিয়ার গ্যাস কিনল বাংলাদেশ?

অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলা এবং বড় ধরনের জমায়েত নিয়ন্ত্রণে রাখতে ভারত থেকে ২.৩ টন টিয়ার গ্যাস আমদানি করেছে বাংলাদেশ। বেনাপোল সীমান্ত দিয়ে আসা এই টিয়ার গ্যাসের চালানটি ইতোমধ্যে যশোরের সেনা ক্যান্টনমেন্টে পাঠানো হয়েছে। সংবাদমাধ্যম দৈনিক ইত্তেফাকের প্রতিবেদন অনুযায়ী, ভারতীয় সংস্থা নরেন্দ্র এক্সপ্লোসিভ লিমিটেডের সঙ্গে বিশেষ চুক্তির আওতায় ১৪৫টি কাঠের বাক্সে এই টিয়ার গ্যাসের শেলগুলো পাঠানো হয়েছে। বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন এই চালান পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করেছেন।
চলতি সপ্তাহের শেষ নাগাদ কন্টেইনারে থাকা এই নিরাপত্তা সরঞ্জামগুলো ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। রাজনৈতিক পট পরিবর্তনের পর দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কে কিছুটা টানাপোড়েন চললেও, ভারতের কাছ থেকে এই সামরিক বা আইনশৃঙ্খলা রক্ষাকারী সরঞ্জাম আমদানিকে বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আন্তর্জাতিক বাণিজ্যের এই নতুন পদক্ষেপে দুই দেশের মধ্যকার অর্থনৈতিক ও পারস্পরিক বাণিজ্যিক সম্পর্কের বরফ গলতে শুরু করেছে বলে ধারণা করা হচ্ছে।