৪০ বছর পর মিলল সত্য! হাসপাতালের মারাত্মক ভুলে ওলটপালট দুই তরুণীর জীবন, এবার কি তবে মেগা ক্ষতিপূরণ?

জন্মের সময় হাসপাতালের মারাত্মক ভুলেই চিরতরে বদলে গিয়েছিল দুই তরুণীর জীবন। চিনের গুয়াংডং প্রদেশের একটি হাসপাতালে ১৯৮৯ সালে জন্ম হয়েছিল হুয়াং জিয়াওলিন এবং লি হুইয়ের। সে সময় হাসপাতালে রিস্টব্যান্ডের বদলে শিশুদের পোশাকের ভেতরের নামের কার্ডের ওপর নির্ভর করা হতো, যার জেরে ঘটে যায় এই অদলবদল। দীর্ঘ চার দশক পর পুলিশের সহায়তায় নিজেদের আসল পরিচয় জানতে পারেন তাঁরা। মাত্র চার কিলোমিটার দূরত্বের ব্যবধানে বড় হলেও সম্পূর্ণ ভিন্ন সামাজিক ও আর্থিক পরিস্থিতির মধ্যে জীবন কাটাতে হয়েছে তাঁদের।
পরিচয় প্রকাশ্যে আসার পর থেকেই দুই তরুণীর জীবনে নেমে আসে গভীর মানসিক আঘাত ও লড়াইয়ের চ্যাপ্টার। সচ্ছল পরিবারে বড় হলেও হুয়াংয়ের পারিবারিক জীবন ছিল অশান্ত, অন্যদিকে আর্থিক অনটনের কারণে লি-কে শৈশবেই পড়াশোনা ছেড়ে নামতে হয়েছিল সংগ্রামে। এই চরম অবহেলার জন্য হাসপাতালের বিরুদ্ধে আইনি পথ বেছে নিয়েছেন তাঁরা। জন্মসংক্রান্ত নথি উধাও হয়ে যাওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ২৬ লক্ষ ইউয়ান বা প্রায় সাড়ে তিন কোটি টাকার বেশি ক্ষতিপূরণ দাবি করে মামলা দায়ের করেছেন দুই তরুণী, যার পরবর্তী শুনানি আগামী ১৩ অগস্ট।