‘লক্ষ্মী এল ঘরে’! প্রপিতামহীর নাচে জমজমাট খুশির উৎসব, মাইক বাজিয়ে কন্যারত্নকে বরণ

পুরুলিয়ার পুঞ্চার ভূতাম গ্রামে কন্যাসন্তানের জন্ম ঘিরে এক বিরল ও আনন্দের ছবি সামনে এসেছে। যেখানে বহু জায়গায় কন্যাভ্রূণ হত্যা বা পুত্রসন্তানের মোহ আজও অন্ধকারের মতো জেঁকে বসেছে, ঠিক তখনই সমাজের সব ট্যাবু ভেঙে চতুর্থ প্রজন্মের এই কন্যাসন্তানকে ঘরের লক্ষ্মী হিসেবে বরণ করে নিয়েছে সহিস পরিবার। সদ্যোজাতকে স্বাগত জানাতে সাজানো হয়েছিল দুধ-সাদা গাড়ি। ঢাক-ঢোল, ব্যান্ডপার্টি আর মাইক বাজিয়ে প্রায় নয় কিলোমিটার পথ পেরিয়ে প্রপৌত্রীকে বাড়িতে নিয়ে আসেন খোদ প্রপিতামহী শান্তি সহিস। শুধু তাই নয়, আনন্দের চোটে তিনি নিজেই নেচে ওঠেন এবং গোটা গ্রামে মিষ্টি বিলি করেন।
পরিবারের এই ব্যতিক্রমী উদ্যোগ ও উৎসব এলাকায় ব্যাপক আলোড়ন ফেলে দিয়েছে। নবজাতকের মা অনিতা সহিস ও বাবা শুভজিৎ সহিস জানিয়েছেন, সমাজের প্রচলিত বৈষম্যের ভিড়ে শ্বশুরবাড়ির এমন ভালোবাসা তাঁদের স্তব্ধ করে দিয়েছে। নবজাতকের নামকরণের ভারও তুলে দেওয়া হয়েছে হাসিমুখের প্রপিতামহীর হাতেই। আধুনিক সমাজে লিঙ্গবৈষম্যের বিরুদ্ধে এই পজিটিভ বার্তা ও উদ্যোগ এক দারুণ দৃষ্টান্ত স্থাপন করল।