পরমাণু চুক্তি ছাড়াই কি যুদ্ধবিরতি? ট্রাম্পের ‘জয়’-এর পর ইরানকে পাল্টা শর্ত তেহরানের
.jpeg.webp?ssl=1)
ইরান যুদ্ধে কি এবার ইতি টানতে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? পারস্য উপসাগরের হরমুজ প্রণালীতে বাণিজ্য ও জাহাজ চলাচল স্বাভাবিক হলে পরমাণু চুক্তি ছাড়াই যুদ্ধ সমাপ্ত ঘোষণা করতে প্রস্তুত মার্কিন প্রশাসন। দ্য ওয়াল স্ট্রিট জার্নালের রিপোর্টে এমন ইঙ্গিত মিললেও, যুদ্ধ শেষের পথ একেবারেই মসৃণ নয়। গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই সংঘাতের জেরে বিশ্ব জ্বালানি সরবরাহের প্রধান এই জলপথে কড়া নিয়ন্ত্রণ কায়েম করেছে তেহরান। আমেরিকা যুদ্ধ থামানোর সংকেত দিলেও, পালটা অবস্থান শক্ত করে স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, কোনও অবস্থাতেই এই প্রণালীর সার্বভৌমত্ব ছাড়বে না তারা।
পরিস্থিতি সামাল দিতে ওমানের মধ্যস্থতায় একটি নতুন শিপিং রুট চালুর সম্ভাবনা তৈরি হলেও, জটিলতা কাটেনি। ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি বডির সচিব মোহাম্মদ বাকের জোরকাদর মার্কিন প্রশাসনের সামনে যুদ্ধকালীন ক্ষতিপূরণ, সমস্ত অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার, আটকে থাকা সম্পদ ফেরত এবং সহযোগী গোষ্ঠীর উপর আগ্রাসন বন্ধ করার মতো একগুচ্ছ কঠোর শর্ত জুড়ে দিয়েছেন। ওমান-ইরান সমঝোতায় তেলবাহী যান চলাচল স্বাভাবিক হওয়ার আশা করা হলেও, তেহরানের এই অনমনীয় শর্তগুলো ট্রাম্প প্রশাসনের সামনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ফলে পরমাণু চুক্তি ছাড়াই সংঘাত থামানোর মার্কিন পরিকল্পনা শেষ পর্যন্ত কতটা সফল হবে, সেটাই এখন দেখার বিষয়।