অবশেষে দাম কমল ইলিশের! মাত্র ৫০০ থেকে ৬০০ টাকায় মিলছে বড় সাইজের রুপোলি শস্য?
August 10, 20261:51 pm
ইলিশপ্রেমীদের জন্য স্বস্তির খবর নিয়ে এল পূর্ব মেদিনীপুরের দিঘা মোহনা। সম্প্রতি সাগরে জাল ফেলতেই ঝাঁকে ঝাঁকে ধরা পড়েছে প্রায় ৩০ টন ইলিশ। এর ফলে বাজারে ইলিশের জোগান এক ধাক্কায় অনেকটাই বেড়ে গেছে। মৎস্যজীবীদের সূত্রে জানা গেছে, গত এক সপ্তাহে দিঘা সহ আশপাশের বিভিন্ন মৎস্য কেন্দ্রে প্রায় ২৩০ টনেরও বেশি ইলিশ উঠেছে। এত বিপুল পরিমাণ মাছ একসঙ্গে ওঠায় খুশি আড়তদার ও ব্যবসায়ীরা।
অপ্রতুল জোগানের কারণে এতদিন সাধারণ মানুষের সাধ্যের বাইরে ছিল এই মাছ। তবে এখন কলকাতার মানিকতলা, পাতিপুকুর, শিয়ালদা ও বালিগঞ্জ সহ বিভিন্ন বাজারে ৫০০ থেকে ৬০০ টাকার মধ্যে ছোট ও মাঝারি সাইজের ইলিশ মিলতে শুরু করেছে। এক কেজি ওজনের ইলিশের দাম ১০০০ থেকে ১২০০ টাকার মধ্যে ঘোরাফেরা করছে। ব্যবসায়ীদের অনুমান, আগামী দিনে জোগান আরও বাড়লে দাম আরও কিছুটা কমতে পারে।