“কুণাল ‘ডাকাতরানি’ বলায় প্রমোশন, জনগণ বললেই দোষ?” হালিশহর কাণ্ডে দিলীপের তোপ!

“কুণাল ‘ডাকাতরানি’ বলায় প্রমোশন, জনগণ বললেই দোষ?” হালিশহর কাণ্ডে দিলীপের তোপ!

হালিশহর: হালিশহরে মৃত তৃণমূল কর্মীর বাড়ি যাওয়ার পথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কনভয়ে হামলা ও চরম বিক্ষোভকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে উত্তাপ এখন চরমে। গতকালের এই ঘটনার পর শাসকদল বিজেপিকে কাঠগড়ায় তুলে সুর চড়ালেও, পাল্টা চাঁচাছোলা ভাষায় জবাব দিলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ।

তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের কড়া প্রতিক্রিয়ার জবাব দিতে গিয়ে পুরনো কাসুন্দি ঘেঁটে মুখ্যমন্ত্রী ও তাঁর দলকে তীব্র ভাষায় বিঁধেছেন দিলীপ। কুণালের মন্তব্যের প্রেক্ষিতে তিনি বলেন:

“কুণাল ঘোষ যখন নিজে মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘ডাকাতরানি’ বলেছিলেন, তখন তো কারও কোনো আপত্তি ছিল না! গতকাল সাধারণ মানুষ ক্ষোভের মুখে ওনাকে ‘ডাকাতরানি’ বলেছে, আর তাতেই অমঙ্গল হয়ে গেল? কুণাল ঘোষ ওই মন্তব্য করার পরই তো দল ওনাকে প্রমোশন দিল—দলের মুখপাত্র, সাধারণ সম্পাদক বানাল, এমনকি বিধায়কও করল!”

অন্যদিকে, মমতার অভিযোগ ছিল যে তাঁর গাড়ি লক্ষ্য করে ইট-পাথর ছোড়া হয়েছে। এই প্রসঙ্গে নিজের অতীতের তিক্ত অভিজ্ঞতার কথা মনে করিয়ে দিয়ে দিলীপ ঘোষ বলেন, “আমি নিজেও তো ওদের ছোঁড়া ইট খেয়েছি। আমার শরীরে এখনো তার দাগ রয়েছে। কতবার যে আমার গাড়ি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে, তার হিসেব নেই। আমাদের দলের নেতাদের মাসের পর মাস আতঙ্কে লুকিয়ে থাকতে হয়েছে। আমরা অমানুষিক অত্যাচার সহ্য করেছি, তখন তো শাসকদলের মুখে কোনো শব্দ ফুটেনি! আর আজ দুটো ডিম পড়েছে বলেই কি পশ্চিমবঙ্গের সংস্কৃতি রসাতলে চলে গেল?”

উল্লেখ্য, হালিশহরের এই ঘটনাকে কেন্দ্র করে শাসক ও বিরোধী শিবিরের মধ্যে কাদা ছোড়াছুড়ি এবং দিলীপ ঘোষের এই শ্লেষাত্মক মন্তব্য নতুন করে বিতর্ক উসকে দিয়েছে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *