কোটি টাকা উদ্ধারের পরই লাপাত্তা প্রভাবশালী ব্যবসায়ী! অনুব্রত ঘনিষ্টের খোঁজে বড় পদক্ষেপ আদালতের!

বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের বাড়ি ও বিভিন্ন আস্তানা থেকে কোটি কোটি টাকার নগদ ও সোনা উদ্ধারের ঘটনায় চাপ বাড়ল। তদন্তের মাঝেই দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার অভিযোগ ওঠার পর এবার তাঁর বিরুদ্ধে হুলিয়া জারির নির্দেশ দিল সিউড়ির অতিরিক্ত মুখ্য বিচারবিভাগীয় আদালত। মামলার বিশেষ সরকারি আইনজীবীর আবেদনের ভিত্তিতে আদালত এই কড়া পদক্ষেপ করেছে। আগামী ১৪ আগস্টের মধ্যে এই হুলিয়া জারির প্রক্রিয়া সম্পূর্ণ করার নির্দেশ দেওয়া হয়েছে।
দীর্ঘদিন ধরে পলাতক থাকা অভিযুক্তকে আইনের আওতায় আনতে এবং তাঁর বিপুল আর্থিক সাম্রাজ্যের উৎস খুঁজতে তদন্তকারীরা তৎপর হয়েছেন। আদালতের নির্দেশ অমান্য করে হাজির না হলে সম্পত্তি বাজেয়াপ্ত করা থেকে শুরু করে আন্তর্জাতিক সহযোগিতায় প্রত্যর্পণের মতো কঠোর আইনি পদক্ষেপের পথও খোলা রয়েছে। বিদেশের মাটিতে লুকিয়ে থেকেও আইনের নাগাল এড়ানো যাবে কি না, সেটাই এখন সবথেকে বড় প্রশ্ন।