‘শেষ করে দেব!’ সৌরভ-ডোনাকে খুনের হুমকি, চাঞ্চল্য ক্রীড়ামহলে

ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক তথা বিসিসিআই (BCCI)-এর প্রাক্তন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় এবং তাঁর স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়কে প্রাণনাশের হুমকি দিয়ে চিঠি পাঠানোকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
জানা গেছে, গত প্রায় ছয় মাস ধরে সৌরভের ঠিকানায় কিছু রহস্যময় চিঠি আসছিল। শুরুতে বিষয়টিকে অনুরাগীদের সাধারণ চিঠি ভেবে গুরুত্ব না দেওয়া হলেও, সম্প্রতি ইংরেজিতে লেখা একটি অত্যন্ত আক্রমণাত্মক হুমকি চিঠি হাতে পাওয়ার পর সৌরভের অফিস থেকে ঠাকুরপুকুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। খবর পাঠানো হয়েছে রাজ্য সরকারের নিরাপত্তা বিভাগেও।
পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে, উত্তর ২৪ পরগনার বেলঘড়িয়ার বাসিন্দা অরুণ কুমার নামের এক ব্যক্তির নাম ব্যবহার করে কুরিয়ারের মাধ্যমে চিঠিগুলি পাঠানো হতো। প্রকৃতপক্ষে সেই ব্যক্তিই এই ঘটনার সাথে জড়িত, নাকি তাঁর নাম ব্যবহার করে অন্য কেউ ষড়যন্ত্র করছে—তা খতিয়ে দেখতে কুরিয়ার সার্ভিস ও এলাকার সিসিটিভি (CCTV) ফুটেজ পরীক্ষা করছে পুলিশ।