বন্দে মাতরমের দেড়শো বছরে লালকেল্লায় নামবে ফুলের বন্যা!

সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত অমর সৃষ্টি ‘বন্দে মাতরম’-এর দেড়শো বছর পূর্তি উপলক্ষ্যে এবারের স্বাধীনতা দিবসে লালকেল্লায় থাকছে বিশেষ আয়োজন। প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং এক সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, ঐতিহাসিক এই গানটিকে কেন্দ্র করে লালকেল্লার অনুষ্ঠানে থাকছে নানা চমক। যার মধ্যে প্রাচীরে পুষ্পসজ্জা এবং আকাশপথে ভারতীয় বায়ুসেনার হেলিকপ্টার থেকে বিশেষ পুষ্পবৃষ্টির পরিকল্পনা করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জাতীয় পতাকা উত্তোলনের পর জ্ঞানপথে এনসিসি ক্যাডেট ও স্বেচ্ছাসেবকদের নিয়ে মানবাকৃতি বিন্যাসে ফুটিয়ে তোলা হবে গানটি।
লালকেল্লার মূল অনুষ্ঠানের পাশাপাশি গোটা দেশেও এই উদযাপনের আবহ ছড়িয়ে দেওয়ার ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। গত ৮ অগাস্ট থেকে শুরু হওয়া এই বিশেষ উৎসব চলবে আগামী ১৫ অগাস্ট পর্যন্ত। দেশের ৩৪৩টি গুরুত্বপূর্ণ স্থানে সেনা, নৌবাহিনী ও বায়ুসেনাসহ বিভিন্ন বাহিনীর বাদক দল বা ব্যান্ডের বিশেষ পরিবেশনার আয়োজন করা হয়েছে। মূলত স্বাধীনতা আন্দোলনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী এই ঐতিহাসিক গানের মাহাত্ম্য এবং এর সারল্য তরুণ প্রজন্মের কাছে পৌঁছে দিতেই কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে দেশজুড়ে এই ব্যাপক উদ্যোগ নেওয়া হয়েছে।