পাঁচ লক্ষ সেনার বিশাল মহড়া, পরমাণু যুদ্ধের মুখে বিশ্ব!

ইউক্রেন-রাশিয়া সংঘাত আরও ভয়াবহ মোড় নিতে চলেছে। ইউক্রেনীয় ভূখণ্ডে চার বছরের মধ্যে সবচেয়ে বড় ড্রোন হামলার জেরে তেরোজন সাধারণ মানুষের মৃত্যুর পরই নতুন করে সংঘাত তীব্র হয়েছে। এরই মধ্যে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দাবি করেছেন, আগামী ২১ সেপ্টেম্বর রুশ সংসদীয় নির্বাচনের পরপরই প্রায় পাঁচ লক্ষ নতুন সেনা যুদ্ধের ময়দানে নামানোর প্রস্তুতি নিচ্ছেন ভ্লাদিমির পুতিন। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, রাশিয়া যুদ্ধ থামানোর কোনো লক্ষণই দেখাচ্ছে না, বরং আক্রমণ আরও বিস্তৃত করার ছক কষছে।
পরিস্থিতির অবনতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে তুরস্কের বিদেশমন্ত্রী হাকান ফিদান সতর্ক করেছেন যে, যুদ্ধের তীব্রতা বাড়লে রাশিয়া তাদের শেষ অস্ত্র হিসেবে পারমাণবিক সক্ষমতা ব্যবহার করতে বাধ্য হতে পারে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, চলতি বছরে দুই পক্ষই দূরপাল্লার হামলা ব্যাপকভাবে বাড়িয়েছে, যার ফলে সীমান্তবর্তী খারকিভসহ বিভিন্ন অঞ্চলে বেসামরিক প্রাণহানির সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এদিকে রাশিয়ার লাগাতার হামলায় ইউক্রেনের একাধিক তাপবিদ্যুৎ কেন্দ্র ও বিদ্যুৎ পরিকাঠামো সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। কিভ সাফ জানিয়ে দিয়েছে, রাশিয়ার সঙ্গে কোনো আপস বা শান্তিচুক্তিতে তারা যাবে না।