মমতার ছবি ছাড়া ১০ ভোটও পেতাম না! সত্যিই কি তবে ভাঙছে ঋতব্রত শিবির?

রাজনীতিতে দলবদলের খেলা নতুন নয়, তবে বাংলা রাজনীতিতে ফের তৈরি হয়েছে চাঞ্চল্যকর পরিস্থিতি। সোমবার বিধানসভায় একে একে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবির ছেড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি প্রকাশ্য সমর্থন জানিয়েছেন তিন বিধায়ক—বসিরহাট উত্তরের তৌসিফুর রহমান, বারুইপুর পূর্বের বিভাস সর্দার এবং মেটিয়াবুরুজের আবদুল খালেক মোল্লা। তাঁদের এই দলবদল রাজ্য রাজনীতিতে এক বড়সড় মোড় এনে দিয়েছে। তৌসিফুর রহমান দাবি করেছেন, নেত্রীর ছবি ছাড়া তাঁর পক্ষে জয়লাভ করা আসাম্ভব ছিল। একইসঙ্গে তাঁরা কালীঘাটপন্থী তৃণমূলের প্রতিবাদ মিছিলেও অংশ নেন। এই ঘটনার পর কুণাল ঘোষ দাবি করেছেন, শুধু এই তিন জন নন, আরও বহু বিধায়ক তাঁদের সঙ্গে যোগাযোগ করছেন।
অন্যদিকে, এই পরিস্থিতিতে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নিজের অবস্থান স্পষ্ট করে দাবি করেছেন যে বিভাস সর্দার বা তৌসিফুর রহমানের দায়িত্ব তিনি নেবেন না। তবে তাঁর দাবি অনুযায়ী, এখনও ৬৫ জন বিধায়ক তাঁর শিবিরেই বহাল রয়েছেন। তা সত্ত্বেও তিন বিধায়কের এই দলবদল এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে তাঁদের খোলাখুলি অবস্থান জোড়াফুল শিবিরের অন্দরে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে। রাজনৈতিক মহলে এখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, তবে কি ধীরে ধীরে শক্তি হারাচ্ছে ঋতব্রত শিবির? এই পালাবদল আগামী দিনে রাজ্য রাজনীতিতে কী ধরনের প্রভাব ফেলবে, সেদিকেই এখন নজর সকলের।