মসজিদের মাইক বন্ধের প্রতিবাদে মিছিলের অনুমতি হাইকোর্টের! পুলিশের ভূমিকা নিয়ে বিস্ফোরক প্রশ্ন বিচারপতির

মসজিদের মাইক খুলে নেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে রাজাবাজার থেকে মৌলালি পর্যন্ত মিছিলের অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। তবে মিছিলের ওপর একাধিক কড়া শর্ত আরোপ করা হয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী, মিছিলে সর্বোচ্চ সাড়ে সাতশো জন অংশ নিতে পারবেন এবং তা এক ঘণ্টার মধ্যে শেষ করতে হবে। নির্ধারিত রুটে এই মিছিলে কোনো মাইক ব্যবহার করা যাবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন বিচারপতি। পাশাপাশি, মিছিলের অনুমতি দিতে পুলিশের দেরি করা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করে আদালত। বিচারপতি সৌগত ভট্টাচার্য মন্তব্য করেন, পুলিশের এই দেরির পেছনে অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারে।
অন্যদিকে, রাজ্যের তরফে আইনশৃঙ্খলা সংক্রান্ত কারণ দেখিয়ে মিছিলের অনুমতি না দেওয়ার জোরালো যুক্তি দেওয়া হয়। সরকারের দাবি, ২০২০ সালের হাইকোর্টের নির্দেশ মেনেই রাজ্যের বিভিন্ন ধর্মস্থান থেকে মাইক সরানোর প্রক্রিয়া চলছে। ইতিমধ্যে হাজার হাজার মসজিদ ও মন্দির থেকে মাইক খুলে নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। এই ঘটনায় আইনি লড়াইয়ের পাশাপাশি রাজনৈতিক মহলেও তীব্র বিতর্ক শুরু হয়েছে, যা বর্তমান পরিস্থিতিতে নতুন মাত্রা যোগ করেছে।