শান্তিনিকেতন ভ্রমণে পর্যটকদের জন্য নতুন চমক! রবি ঠাকুরের ঐতিহাসিক গৃহ দেখার সুযোগ মিস করবেন না

শান্তিনিকেতন ভ্রমণে আসা পর্যটকদের জন্য দারুণ সুখবর। এতদিন যে ঐতিহ্যের সাক্ষী হতে শুধু বাইরে থেকে দেখতে হতো, সেই প্রাচীন ‘শান্তিনিকেতন গৃহ’-এর দরজা এবার পর্যটকদের জন্য খুলে দিয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। গত ২২ শ্রাবণ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করা হয়েছে এই ঐতিহাসিক স্থাপত্যটি। উল্লেখ্য, ১৮৯৫ সাল থেকে কবিগুরু সপরিবারে এই গৃহেই বসবাস করতেন এবং এই বাড়ির নামানুসারেই শান্তিনিকেতন এলাকার নামকরণ হয়। রবীন্দ্রভবন সংগ্রহশালার টিকিটের মাধ্যমেই এখন থেকে পর্যটকরা আশ্রম এলাকার এই বিশেষ বাড়িটি ঘুরে দেখার সুযোগ পাবেন।
শুধু এই গৃহই নয়, পর্যটকদের সুবিধার্থে অদূর ভবিষ্যতে বিশ্বভারতী কর্তৃপক্ষ উদয়ন, উদিচি, শ্যামলী, কোণার্ক ও পুনশ্চ-র মতো অন্যান্য গুরুত্বপূর্ণ বাড়িগুলোও দর্শনার্থীদের জন্য খুলে দেওয়ার পরিকল্পনা নিয়েছে। বর্তমানে আলাদা টিকিটের ব্যবস্থা থাকলেও আগামী দিনে সবকটি দর্শনীয় স্থান দেখার জন্য সাশ্রয়ী কম্বো টিকিটের ভাবনা রয়েছে। পর্যটকদের বাড়তি সুবিধার জন্য থাকছে অডিও গাইডেন্স ব্যবস্থা এবং বিস্তারিত লিখিত তথ্য, ফলে গাইড ছাড়াই এখন আশ্রমের ইতিহাস সম্পর্কে স্বচ্ছ ধারণা পাবেন ভ্রমণার্থীরা। রবীন্দ্র অনুরাগী এবং পর্যটকদের জন্য এটি নিঃসন্দেহে এক বড় প্রাপ্তি।