তিন হাজার কোটি টাকার রাজস্ব চুরি! বেপাত্তা ‘পাথর সম্রাট’ টুলুর বিরুদ্ধে রেড কর্নার নোটিস জারি!

হিসাবের বাইরে বিশাল দুর্নীতি ও বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধারের ঘটনায় বীরভূমের বিতর্কিত পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করেছে প্রশাসন। সিউড়ি আদালতের নির্দেশে তাঁর বিরুদ্ধে জারি হয়েছে রেড কর্নার নোটিস। আগামী শুক্রবার অর্থাৎ ১৪ অগাস্টের মধ্যে আদালতে সশরীরে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে। নির্দিষ্ট সময়ের মধ্যে হাজিরা না দিলে তাঁকে ঘোষণা করা হবে অপরাধী, যার ফলে সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়াও দ্রুত শুরু হতে পারে। সম্প্রতি টুলুর এক আত্মীয়ের বাড়ি থেকে সাড়ে আঠারো কোটি টাকার বেশি নগদ এবং পনেরো কেজি সোনা উদ্ধারের পর থেকেই আত্মগোপন করে আছেন এই ব্যবসায়ী।
সরকারি আইনজীবীর দাবি অনুযায়ী, গত পাঁচ বছরে প্রায় তিন হাজার কোটি টাকার রাজস্ব ফাঁকি দিয়েছেন তিনি। এই ঘটনার তদন্তে নেমে পুলিশ ইতিমধ্যে টুলুর এক আত্মীয় সহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে এবং ধৃতদের দশদিনের পুলিশি হেফাজত মঞ্জুর করেছে আদালত। অন্যদিকে, অভিযুক্তদের আইনজীবীর পালটা প্রশ্ন, কেন শুধুমাত্র নির্দিষ্ট ব্যক্তিদের নিশানা করা হচ্ছে, সেই সময়ে দায়িত্বে থাকা প্রশাসনিক কর্তাদেরও অবিলম্বে তদন্তের আওতায় আনা উচিত। গোটা ঘটনা ঘিরে প্রশাসনিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।