২১৫ জন কর্মীর বেতন ৫১ লক্ষ! সুপ্রিম কোর্টে খরচ সামলাতে দরবার তৃণমূলের, পাল্টা চাল ED-র

নয়াদিল্লি: সুপ্রিম কোর্টে তৃণমূল কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ সংক্রান্ত মামলার শুনানিতে উঠে এলো দলের বিশাল মাসিক খরচের হিসেব। বিচারপতি এমএম সুন্দরেশের বেঞ্চে তৃণমূলের পক্ষে সওয়াল করতে গিয়ে প্রবীণ আইনজীবী কপিল সিব্বল জানান, দল পরিচালনার জন্য প্রতি মাসে বিপুল পরিমাণ অর্থের প্রয়োজন।
কপিল সিব্বল আদালতে খরচের খতিয়ান দিয়ে জানান:
- কর্মীদের বেতন: দলের ২১৫ জন কর্মীর কেবল এক মাসের বেতন দিতেই খরচ হয় ৫১ লক্ষ ২৩ হাজার টাকা।
- দপ্তরের ভাড়া: দলের ১৭টি আঞ্চলিক দপ্তরের জন্য প্রতি মাসে গুণতে হয় ১ কোটি টাকা।
- অন্যান্য খরচ: নিরাপত্তাকর্মী ও বিভিন্ন সংস্থার কর্মীদের পারিশ্রমিক সহ দৈনন্দিন কাজ চালানোর জন্য নিয়মিত অর্থের সংস্থান জরুরি।
অন্যদিকে, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) পক্ষে অতিরিক্ত সলিসিটর জেনারেল এসভি রাজু এই দাবির বিরোধিতা করেন। ED-র দাবি, তৃণমূলের ৪২টি অ্যাকাউন্টের মধ্যে মাত্র ৬টি ফ্রিজ করা হয়েছে। বাকি ৩৬টি অ্যাকাউন্ট এখনও সক্রিয় রয়েছে, যার মধ্যে কেবল দুটি অ্যাকাউন্টেই রয়েছে অন্তত ১২০ কোটি টাকা। কেন্দ্রীয় সংস্থার বক্তব্য, ওই ফ্রিজ না হওয়া অর্থ ব্যবহার করেই তৃণমূল তাদের দৈনন্দিন সমস্ত খরচ অনায়াসে চালাতে পারে।
উল্লেখ্য, সুপ্রিম কোর্টে ইডি-র বক্তব্য জানতে চাওয়ার পর তৃণমূল দলের দৈনন্দিন পরিচালনার খরচের খাতিরে টাকা তোলার অনুমতি চেয়েছিল। কিন্তু দুই পক্ষের এই তীব্র যুক্তি-পাল্টা যুক্তির মাঝেই ঝুলে রয়েছে মামলার জল।