ধ্রুব রাঠীর বিতর্কিত ভিডিও ভারতে ব্লক, দিল্লি হাইকোর্টে বড় তথ্য দিল গুগল

জনপ্রিয় ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটর ধ্রুব রাঠীর একটি ধর্মীয় বিতর্কিত ভিডিও অবশেষে ভারতে নিষিদ্ধ করা হলো। হিন্দু দেবদেবীদের খাদ্যাভ্যাস নিয়ে বানানো একটি ভিডিওকে কেন্দ্র করে শুরু হওয়া আইনি লড়াইয়ে বড় খবর এলো মঙ্গলবার। দিল্লি হাইকোর্টে সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগল স্পষ্ট করে জানিয়েছে, আদালতের নির্দেশ মেনে ভারতে ওই নির্দিষ্ট ভিডিওটির প্রদর্শন পুরোপুরি আটকে (Withheld) দেওয়া হয়েছে।
বিতর্কের মূল কারণ
আইনজীবী অমিত সচদেব ধ্রুব রাঠীর বিরুদ্ধে একটি অপরাধমূলক মামলা দায়ের করেন। তাঁর অভিযোগ ছিল, ‘Can Hindus eat BEEF? Kerala Story 2 Exposed’ শিরোনামের ভিডিওটি অত্যন্ত অবমাননাকর ও উস্কানিমূলক। অভিযোগ ওঠে, ভিডিওতে বাল্মীকি রামায়ণের কিছু অংশ ভুলভাবে তুলে ধরে ভগবান রাম, শ্রীকৃষ্ণ ও দেবী সীতার মাংস ভক্ষণ নিয়ে বিভ্রান্তিকর দাবি করা হয়েছে— যা কোটি কোটি সনাতন ধর্মাবলম্বীর ভাবাবেগে আঘাত করেছে।
আদালত ও সরকারের পদক্ষেপ
গত ১৫ জুলাই কেন্দ্রীয় সরকারের ‘গ্রিভান্স অ্যাপেলেট কমিটি’ (GAC) ২৪ ঘণ্টার মধ্যে ভিডিওটি সরানোর নির্দেশ দিয়েছিল। দিল্লি হাইকোর্টে শুনানির সময় গুগলের আইনজীবী জানান, বর্তমানে ভারতের ভৌগোলিক সীমানার মধ্যেই ভিডিওটি ব্লক রাখা হয়েছে।
তবে কেন্দ্রীয় সরকারের পক্ষে অতিরিক্ত সলিসিটর জেনারেল চেতন শর্মা দাবি জানান, ভিডিওটি স্পর্শকাতর হওয়ায় বিশ্বজুড়ে এটি স্থায়ীভাবে মুছে ফেলা উচিত। গোটা বিশ্ব থেকে ভিডিওটি স্থায়ীভাবে সরানোর আবেদনটি আপাতত হাইকোর্টের ডিভিশন বেঞ্চে বিচারাধীন। আগামী ৩ সেপ্টেম্বর এই মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে।