দিলীপ কুমারকে দেখে শিশুটি বলল ইনি তো শাহরুখের নকল! কিংবদন্তি অভিনেতার কোন স্মৃতিতে আজও স্তম্ভিত পরিচালক?

ভারতীয় চলচ্চিত্রের ‘ট্র্যাজেডি কিং’ দিলীপ কুমারের অভিনয় প্রতিভার কথা সর্বজনবিদিত। অমিতাভ বচ্চন থেকে শাহরুখ খান—পরবর্তী প্রজন্মের একাধিক তারকার অভিনয়জীবনেই রয়েছে তাঁর গভীর ছাপ। দীর্ঘ বিরতির পর ১৯৯৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘কিলা’ ছবির মাধ্যমে বড় পর্দায় কামব্যাক করেছিলেন এই কিংবদন্তি অভিনেতা। তবে ছবির শুটিং চলাকালীন এবং মুক্তির পর তাঁর মুখোমুখি হতে হয়েছিল এক নির্মম বাস্তবতার। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই বেদনাদায়ক স্মৃতিচারণা করেছেন পরিচালক উমেশ মেহরা।
পরিচালক উমেশ মেহরা জানান, দীর্ঘ পনেরো-আঠারো বছর পর্দা থেকে দূরে থাকায় নতুন প্রজন্মের একটা বড় অংশের কাছে দিলীপ কুমারের পরিচিতি অনেকটাই ম্লান হয়ে গিয়েছিল। ‘কিলা’ ছবির ইন্টারভ্যালে হল থেকে বেরোনোর সময় এক শিশু তার বাবাকে উদ্দেশ করে বলে ওঠে, “পাপা, উনি তো শাহরুখ খানের নকল করছেন!” ভারতীয় সিনেমার ইতিহাসের অন্যতম সেরা অভিনেতাকে নিয়ে এমন মন্তব্য শুনে রীতিমতো স্তম্ভিত হয়ে যান পরিচালক। অথচ বাস্তব চিত্রটি ছিল সম্পূর্ণ বিপরীত, কারণ দিলীপ কুমার নিজেই ছিলেন পরবর্তী প্রজন্মের বহু অভিনেতার প্রধান অনুপ্রেরণা।