১৫ আগস্টের মধ্যে উত্তরবঙ্গ ছাড়তে হবে বাঙালিদের! প্রকাশ্যে চাঞ্চল্যকর হুঁশিয়ারি তৃণমূল নেতার, তোলপাড় রাজ্য রাজনীতি

আগামী ১৫ আগস্টের মধ্যে উত্তরবঙ্গ ছাড়তে হবে বাঙালিদের—এমনই এক বিতর্কিত ও উসকানিমূলক মন্তব্য করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি করেছেন ধূপগুড়ির এক তৃণমূল নেতা। সমাজমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে সুকদেব রায় নামের ওই নেতা এই হুঁশিয়ারি দেওয়ার পাশাপাশি ২০০২ সালে ধূপগুড়িতে সিপিআইএম কার্যালয়ে কেএলও জঙ্গিদের হামলার প্রসঙ্গও স্মরণ করান। তাঁর এই বিস্ফোরক মন্তব্য প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহলে ঝড় উঠেছে। ঘটনার জেরে ধূপগুড়ি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করার পাশাপাশি পুলিশের পক্ষ থেকেও স্বতঃপ্রণোদিত মামলা রুজু করা হয়েছে।
এই ঘটনাকে কেন্দ্র করে বিরোধীরা শাসকদলকে তীব্র আক্রমণ শাণিয়েছে। সিপিআইএম ও বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, এই ধরনের মন্তব্য বাংলার সামাজিক সম্প্রীতি নষ্ট করার এবং বিভাজনের রাজনীতিকে উসকে দেওয়ার একটি গভীর ষড়যন্ত্র। অভিযুক্ত নেতার সঙ্গে কোনো বিচ্ছিন্নতাবাদী শক্তির যোগ থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে প্রশাসনের দ্রুত ও কঠোর হস্তক্ষেপ দাবি করেছে রাজনৈতিক দলগুলি। তবে এই বিষয়ে অভিযুক্ত তৃণমূল নেতার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।