পরকীয়ার জের! প্রেমিকার স্বামীকে পরপর ধারালো অস্ত্রের কোপ, নদিয়ায় চাঞ্চল্য

নদিয়া: বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে প্রেমিকার স্বামীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের চাঞ্চল্যকর অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। মঙ্গলবার রাতে নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার গেদে মোড় এলাকায় এই নৃশংস ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তির নাম প্রদীপ দুর্লভ (৩৫)।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রদীপের স্ত্রীর সঙ্গে জয়ন্ত পাল নামে এক যুবকের পরকীয়া সম্পর্ক ছিল। মঙ্গলবার রাত ১০টা নাগাদ খাওয়া-দাওয়া শেষে প্রদীপ বিষয়টি নিয়ে কথা বলতে জয়ন্তের বাড়িতে যান। সেখানে দু’জনের মধ্যে বচসা শুরু হলে জয়ন্ত হঠাৎই ধারালো অস্ত্র দিয়ে প্রদীপের ওপর হামলা চালায়। রক্তাক্ত অবস্থায় প্রদীপ প্রাণ বাঁচাতে চিৎকার করলে এক প্রতিবেশী যুবক তাঁকে উদ্ধার করতে এগিয়ে আসেন। জয়ন্ত তাকেও আঘাত করে এবং প্রদীপের গলায় মারাত্মক কোপ বসিয়ে দেয়।
ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন প্রদীপ। আশঙ্কাজনক অবস্থায় দু’জনকেই কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা প্রদীপকে মৃত বলে ঘোষণা করেন। আহত অন্য যুবককে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।
ঘটনার পর থেকেই অভিযুক্ত জয়ন্ত পাল পলাতক। পুলিশ ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্তের মাকে আটক করেছে এবং জয়ন্তের খোঁজে তল্লাশি শুরু করেছে।