বাংলা নয়, ওয়েস্ট বেঙ্গলও নয়! রাজ্যের নাম নিয়ে সংসদে শমীকের বিস্ফোরক দাবি

সংসদে কেরলের নাম বদল সংক্রান্ত বিল নিয়ে আলোচনার সময় পশ্চিমবঙ্গের নাম পরিবর্তন নিয়ে নতুন বিতর্ক তৈরি হলো। রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য সাফ জানিয়ে দিয়েছেন যে, ১৯৪৭ সালের ২০ জুনের ঐতিহাসিক প্রেক্ষাপট ও শহিদদের আত্মত্যাগের কথা মাথায় রেখে রাজ্যের নাম ‘বাংলা’ বা ‘ওয়েস্ট বেঙ্গল’ কোনোটিই হওয়া উচিত নয়। তাঁর জোরালো দাবি, সব ভাষাতেই রাজ্যের নাম ‘পশ্চিমবঙ্গ’ রাখা হোক, কারণ এর সঙ্গে জড়িয়ে রয়েছে একটি নির্দিষ্ট রাজনৈতিক ইতিহাস ও বাঙালির সংগ্রাম।
বুধবারের এই সংসদীয় আলোচনায় তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েন বাংলার নাম পরিবর্তনের দাবি দীর্ঘদিন ধরে উপেক্ষিত থাকার অভিযোগ তোলেন। তার জবাবেই বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য অতীতের ভোটাভুটির ইতিহাস টেনে বলেন, আগের রাজ্য সরকার শুধুমাত্র সংখ্যার জোরে নাম পরিবর্তনের প্রস্তাব এনেছিল, যার তীব্র বিরোধিতা বিজেপি অতীতেও করেছে এবং এখনও করছে। একই সঙ্গে তিনি ইতিহাস ও জাতীয় স্মৃতিরক্ষার যুক্তিতে বিহারের বখতিয়ারপুর স্টেশনের নাম বদলেরও জোরালো দাবি জানান।