“বাইরের চেয়ে জেলের মানুষ অনেক ভালো!” কঠিন দিনগুলি নিয়ে এবার বিস্ফোরক বই রিয়া চক্রবর্তীর

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর ২০২০ সালে তীব্র বিতর্কের মুখে পড়েছিলেন বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তী। সেই সময় বিচারাধীন বন্দি হিসেবে মুম্বইয়ের বাইকুল্লা জেলে প্রায় ২৭ দিন কাটাতে হয়েছিল তাঁকে। জীবনের সেই কঠিন ও অন্ধকার দিনগুলোর অভিজ্ঞতা নিয়ে এবার বই লিখতে চলেছেন রিয়া।
সম্প্রতি কমেডিয়ান তন্ময় ভাটের ইউটিউব শো ‘তন্ময় রিয়্যাক্টস’-এ এসে জেলের দিনগুলোর কথা স্মরণ করেন অভিনেত্রী। আবেগঘন কণ্ঠে রিয়া বলেন—
“আমার তো মনে হয় বাইরের দুনিয়ার চেয়ে জেলের ভেতরের মানুষগুলো অনেক বেশি ভালো। বিশেষ করে নারী বন্দিদের বেশিরভাগই নির্দোষ। সেখানে ধনী-দরিদ্রের কোনো বৈষম্য নেই, সবাইকে নামের বদলে একটা নির্দিষ্ট নম্বরে ডাকা হয়।”
জেলে বন্দিরা কীভাবে সময় কাটাতেন, তা বলতে গিয়ে তিনি জানান, সেখানে গান-নাচ আর একসঙ্গে খাবার তৈরির মধ্য দিয়েই কাটত দিন। এমনকি মহারাষ্ট্রের বিখ্যাত ‘থেচা’ চাটনি বানানোর মজার স্মৃতিও ভাগ করে নেন তিনি।
বইয়ের কাজ শুরু করলেও রসিকতা করে রিয়া জানান, তিনি হয়তো বইটির নাম রাখবেন ‘ডাইনির প্রতিশোধ’ (Witch’s Revenge)। বইটিতে জেলের ভেতরের অনেক অজানা গল্প উঠে আসবে বলে আশা করা হচ্ছে।
উল্লেখ্য, ২০২০ সালের সেপ্টেম্বরে গ্রেফতার হওয়ার পর বম্বে হাইকোর্ট থেকে জামিন পান রিয়া। পরবর্তীতে ২০২৫ সালে সিবিআই-এর থেকে ক্লিন চিট পান তিনি। দীর্ঘ আইনি লড়াই সামলে রিয়া এখন আবার শোবিজে নজর দিয়েছেন। খুব শীঘ্রই প্রাইম ভিডিওর জনপ্রিয় রিয়্যালিটি শো ‘দ্য ট্রেইটরস ২’-এ প্রতিযোগী হিসেবে দেখা যাবে তাঁকে।