ওয়ার্ড পুনর্বিন্যাস ও দুর্নীতির প্রতিবাদে উত্তাল কলকাতা! পুলিশের বাধা উড়িয়ে রাজপথে ধর্নায় কংগ্রেস সভাপতি

ওয়ার্ড পুনর্বিন্যাস ও দুর্নীতির প্রতিবাদে উত্তাল কলকাতা! পুলিশের বাধা উড়িয়ে রাজপথে ধর্নায় কংগ্রেস সভাপতি

পৌর পরিষেবায় চরম ব্যর্থতা, ব্যাপক দুর্নীতি এবং বিতর্কিত ওয়ার্ড পুনর্বিন্যাসের (Delimitation) প্রতিবাদে সোচ্চার হলো প্রদেশ কংগ্রেস। বুধবার ওয়েলিংটন স্কয়ার থেকে কলকাতা কর্পোরেশন অভিযানের ডাক দেন দলীয় কর্মী-সমর্থকরা। জনশুমারি বা সেন্সাস ছাড়াই রাজনৈতিক উদ্দেশ্যে অবৈধভাবে ওয়ার্ড ভাঙা হচ্ছে—এই গুরুতর অভিযোগে সরব হন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার।

মিছিলটি এসএন ব্যানার্জি রোড ধরে এগোতেই জানবাজারের মুখে বিশাল পুলিশ বাহিনী ব্যারিকেড দিয়ে তা আটকে দেয়। পুলিশের বাধা পেয়ে কংগ্রেস কর্মীরা রাজপথেই বসে পড়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। শুভঙ্কর সরকারের নেতৃত্বে রাস্তায় অবস্থান ধর্ণার পাশাপাশি কংগ্রেসের একটি প্রতিনিধি দল কর্পোরেশনে গিয়ে স্মারকলিপি জমা দেয়।

শাসক দলের অন্দরেও সুর চড়ল: আশ্চর্যের বিষয় হলো, এই একই ইস্যুতে শাসক দল তৃণমূল কংগ্রেসের ভেতরেও অসন্তোষ দেখা দিয়েছে। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের নেতৃত্বে বৈশ্বানর চট্টোপাধ্যায় ও রত্না শুরদের একটি প্রতিনিধি দল কর্পোরেশনের প্রশাসক স্মিতা পাণ্ডের সাথে দেখা করেন। কুণাল ঘোষ অভিযোগ তোলেন, স্থানীয় বিধায়ক ও জনপ্রতিনিধিদের সম্পূর্ণ অন্ধকারে রেখে এই ডিলিমিটেশনের খসড়া তৈরি করা হয়েছে। তিনি অবিলম্বে সর্বদলীয় বৈঠক ও গণশুনানির দাবি জানান।

যদিও কর্পোরেশন প্রশাসক স্মিতা পাণ্ডে স্পষ্ট জানিয়ে দেন, এমন বৈঠক ডাকার কোনো আইনগত এক্তিয়ার তাঁর দপ্তরের নেই। সব মিলিয়ে, ওয়ার্ড পুনর্বিন্যাস ইস্যুতে এখন উত্তাল কলকাতার রাজনীতি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *