বাড়িতে আচমকা পুলিশের হানা! পরিবারকে হেনস্তার অভিযোগে বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক সৌরভ

জিজ্ঞাসাবাদের নামে বাড়িতে আচমকা পুদুচেরি পুলিশের হানা এবং পরিবারের সদস্যদের হেনস্তার বিস্ফোরক অভিযোগ তুললেন ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র অন্যতম মুখপাত্র সৌরভ দাস। দিল্লিতে নিট আন্দোলনের অন্যতম মুখ সৌরভের দাবি, তাঁর কণ্ঠরোধ করতেই সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। গোটা ঘটনার জন্য সরাসরি বিজেপি সরকারকে নিশানা করেছেন তিনি। তাঁর মতে, পুদুচেরি সরকারের সাধারণ চরিত্র এমন নয়, বরং কেন্দ্রীয় সরকারের নির্দেশেই তাঁর পরিবারকে ভয় দেখানোর চেষ্টা চলছে। তবে এসব করে তাঁকে যে চুপ করানো যাবে না, সে কথাও স্পষ্ট করে দিয়েছেন তিনি।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে ক্ষোভ উগরে দিয়ে সৌরভ প্রশ্ন তোলেন, কার নির্দেশে এবং কী উদ্দেশ্যে পুলিশি হয়রানির এই ঘটনা ঘটানো হল? একে আইনি প্রক্রিয়ার অংশ মানতে নারাজ তিনি। সৌরভ দৃঢ়তার সঙ্গে জানান, পুলিশি হেনস্তা এবং ভয় দেখিয়ে তাঁকে দমানোর চেষ্টা সফল হবে না। বরং এই ধরনের আচরণ একটি উন্নত ও ভয়মুক্ত সমাজ গড়ার ক্ষেত্রে তাঁর লড়াইয়ের সংকল্পকে আরও দৃঢ় করবে, যেখানে পুলিশ গুণ্ডাদের মতো আচরণ না করে আইন মেনে চলবে। যদিও সিজেপি মুখপাত্রের এই গুরুতর অভিযোগের প্রেক্ষিতে পুদুচেরি প্রশাসন বা বিজেপির তরফে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি।