চতুর্থ নাকি ষষ্ঠ, বিশ্ব অর্থনীতিতে ভারত আসলে কোথায়? সংসদে বড় তথ্য প্রকাশ করল কেন্দ্র!

বিশ্বের বৃহত্তম অর্থনীতির তালিকায় ভারতের বর্তমান স্থান কোথায়, তা নিয়ে রাজ্যসভায় লিখিতভাবে স্পষ্ট বার্তা দিল কেন্দ্র। অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী নিশ্চিত করেছেন, ২০২৫-২৬ অর্থবর্ষে ৩.৯২ লক্ষ কোটি মার্কিন ডলারের জিডিপি নিয়ে আইএমএফ-এর ক্রমতালিকা অনুযায়ী ভারত ছিল বিশ্বের ষষ্ঠ বৃহত্তম অর্থনীতি। পূর্বে জাপানকে টপকে ভারতের চতুর্থ স্থানে উঠে আসার গুঞ্জন তৈরি হলেও, মার্কিন ডলারের দর, আন্তর্জাতিক বাজারের পরিস্থিতি এবং নমিনাল জিডিপির ওপর ভিত্তি করেই এই র্যাঙ্কিং নির্ধারিত হয় বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী।
তবে এই অবস্থান সত্ত্বেও ২০২৭ সালের মধ্যে দেশকে ৫ লক্ষ কোটি ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্য স্থির রেখেছে মোদী সরকার। বিভিন্ন ব্যাঙ্কিং ও আর্থিক সংস্থার রিপোর্ট অনুযায়ী, ২০২৯ সালের লোকসভা নির্বাচনের আগেই বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনৈতিক শক্তি হয়ে ওঠার জোরালো সম্ভাবনা রয়েছে ভারতের। যদিও দেশের অর্থনৈতিক নীতি নিয়ে বিরোধীদের নানা অভিযোগ রয়েছে, তবুও ৩.৯২ লক্ষ কোটি ডলারের এই আর্থিক বৃদ্ধির গতি বজায় রাখতে পারলে আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের অবস্থান আরও মজবুত হবে বলে মনে করছে রাজনৈতিক মহল।