অভাবকে বুড়ো আঙুল! সাইকেল চালিয়ে কোচিংয়ে গিয়ে যেভাবে IAS হলেন কৃষকের ছেলে!

ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায় সর্বভারতীয় স্তরে সাফল্য অর্জন করে আইএএস অফিসার হওয়ার স্বপ্ন পূরণ করলেন উত্তরপ্রদেশের আজমগড়ের আদিত্য সিং। কৃষক পরিবারের সন্তান আদিত্যের এই পথচলা একেবারেই সহজ ছিল না। চরম আর্থিক অনটন এবং নানা প্রতিকূলতা সত্ত্বেও তিনি নিজের লক্ষ্যের প্রতি অবিচল ছিলেন। দ্বাদশ শ্রেণিতে পড়ার সময়ই তাঁর মনে সিভিল সার্ভিস পরীক্ষার প্রস্তুতি নেওয়ার আগ্রহ জন্মায়। পরিবারের আর্থিক অবস্থা ভালো না থাকায় দিল্লির মতো শহরে গিয়ে কোচিং করা তাঁর পক্ষে সম্ভব ছিল না। ফলে তিনি উত্তরপ্রদেশের প্রয়াগরাজকেই বেছে নেন পড়াশোনার জন্য।
অর্থনৈতিক সঙ্কটের কারণে কোচিংয়ে যাওয়ার জন্য প্রতিদিন প্রায় সাত কিলোমিটার পথ সাইকেল চালিয়ে যাতায়াত করতে হতো তাঁকে। যাতায়াত মিলিয়ে প্রতিদিন ১৪ কিলোমিটার সাইকেল চালানোর পাশাপাশি তিনি একটানা আট থেকে নয় ঘণ্টা পড়াশোনা করতেন। কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের জোরে তিনি প্রথমবার ব্যর্থ হলেও দমে যাননি। অবশেষে দ্বিতীয় প্রচেষ্টায় ইউপিএসসি পরীক্ষায় ৫০৮তম স্থান অধিকার করে চূড়ান্ত সাফল্য অর্জন করেন এই তরুণ। হিন্দি মাধ্যমে এই অভাবনীয় সাফল্য প্রমাণ করে দিয়েছে যে, ইচ্ছা শক্তি থাকলে শত প্রতিকূলতা জয় করেও সাফল্যের শিখরে পৌঁছানো সম্ভব।