পাথর ও ইটের আঘাতে বুকে তীব্র ব্যথা, দুদিন কথা বলতে পারেননি মমতা!

হালিশহরে যাওয়ার পথে বিক্ষোভের মুখে পড়ার পাশাপাশি তাঁর গাড়ি লক্ষ্য করে বড় বড় ইট ও পাথর ছোড়া হয়েছিল বলে চাঞ্চল্যকর দাবি করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শ্যামবাজারে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তির পাদদেশে শ্রদ্ধা জানাতে গিয়ে তিনি জানান, ওই হামলার ফলেই তাঁর বুকে মারাত্মক ব্যথা হয়েছিল এবং তিনি দুদিন কারও সঙ্গে কোনো কথা বলতে পারেননি। শারীরিক অসুস্থতা সত্ত্বেও তিনি কর্মসূচিতে যোগ দিতে বাধ্য হয়েছেন বলে উল্লেখ করেন। পাশাপাশি, নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে বিজেপি নেতাদের আসাম্মানজনক মন্তব্যের তীব্র নিন্দা জানান এবং দেশের জন্য জীবন উৎসর্গকারী স্বাধীনতা সংগ্রামীদের অবমূল্যায়ন মেনে নেওয়া হবে না বলে হুংকার ছাড়েন।
শ্যামবাজারের এই কর্মসূচির পরপরই তাঁকে লক্ষ্য করে ফের ‘চোর-চোর’ স্লোগান ওঠে, যা গত রবিবার হালিশহর যাওয়ার পথেও শুনতে হয়েছিল। পুলিশি হেফাজতে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় পরিবারকে সান্ত্বনা দিতে যাওয়ার সময় হালিশহরে তাঁর গাড়ির দিকে কাদা ও ছেঁড়া চটি ছোড়া হয়েছিল বলে অভিযোগ। এই ঘটনা প্রসঙ্গে বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পাল্টা মন্তব্য করে জানান, ব্যাপক দুর্নীতির জেনেই সাধারণ মানুষের প্রবল জনরোষের মুখে পড়তে হয়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে। রাজনৈতিক মহলে এই সংঘাত ও বিক্ষোভকে কেন্দ্র করে বর্তমানে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।