দিল্লি বিস্ফোরণের নেপথ্যে আল কায়েদা! ভারতের আশঙ্কায় সিলমোহর দিয়ে রাষ্ট্রসংঘের বিস্ফোরক রিপোর্ট

দিল্লির লালকেল্লার সামনে ঘটা ভয়াবহ বিস্ফোরণের নেপথ্যে সরাসরি যুক্ত ছিল জঙ্গি সংগঠন আল কায়েদা। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের ‘অ্যানালিটিক্যাল সাপোর্ট অ্যান্ড স্যাংশনস মনিটরিং টিম’-এর সাম্প্রতিক রিপোর্টে এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করা হয়েছে। গত ১০ নভেম্বরের সেই মর্মান্তিক হামলায় ১৫ জন প্রাণ হারিয়েছিলেন, যার নেপথ্যে ছিল ফরিদাবাদের আল ফালা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকদের একটি চক্র। বিস্ফোরণে নিহত হামলার মূল ষড়যন্ত্রী উমর-উন-নবি ওই বিশ্ববিদ্যালয়েরই প্রাক্তন সহকারী অধ্যাপক ছিল। ভারত সরকার আগেই এই নাশকতায় আল কায়েদার যোগসূত্রের ইঙ্গিত দিয়েছিল, রাষ্ট্রসংঘের এই রিপোর্ট অবশেষে সেই তথ্যে সিলমোহর দিল।
প্রতিবেদনে জানানো হয়েছে, দক্ষিণ-পূর্ব আফগানিস্তানে সক্রিয় ‘আল-কায়েদা ইন দ্য ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট’ বড় ইউনিটের বদলে লজিস্টিক ও আর্থিক নেটওয়ার্কের জন্য ছোট ছোট ‘সেল’ তৈরি করছে। এই জেহাদি গোষ্ঠীটি প্রতিবেশী বাংলাদেশেও তাদের জাল বিস্তার করেছে। শুধু তাই নয়, সন্ত্রাসবাদীরা এখন বোমা তৈরি, টার্গেট নির্বাচন ও তথ্য সংগ্রহের কাজে কৃত্রিম বুদ্ধিমত্তা ও চ্যাটজিপিটির মতো আধুনিক প্রযুক্তি ব্যবহার করছে। রাষ্ট্রসংঘের এমন সতর্কবার্তায় আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগ বৃদ্ধি পেয়েছে।