বিশ্ববাণিজ্যে নজিরবিহীন উলটপুরাণ, ড্রোন হামলার মুখে এবার ভারত থেকেই পেট্রোল কিনছে রাশিয়া!

বিশ্বের অন্যতম শীর্ষ তেল রফতানিকারক দেশ রাশিয়া এবার ভারত থেকে সরাসরি পেট্রোল আমদানি শুরু করেছে। ব্লুমবার্গের রিপোর্ট অনুযায়ী, গত ৫ অগাস্ট ভারতের নায়ারা এনার্জি লিমিটেড থেকে প্রায় ৪২ হাজার ব্যারেল পেট্রোলের প্রথম শিপমেন্টটি পৌঁছায় রাশিয়ায়। এর আগে জুন ও জুলাই মাসেও গুজরাতের ভাদিনার বন্দর থেকে সমুদ্রপথে মিশরের মাধ্যমে জ্বালানি স্থানান্তরিত হয়ে রাশিয়ার উদ্দেশ্যে পাঠানো হয়েছিল। সাধারণত ভারতের মতো দেশ যেখানে চাহিদার প্রায় ৯০ শতাংশ অপরিশোধিত তেল আমদানি করে, সেখানে রাশিয়ার ভারত থেকে পরিশোধিত পেট্রোল কেনার এই ঘটনা আন্তর্জাতিক বাজারে ব্যাপক চাঞ্চল্য তৈরি করেছে।
বিপুল অপরিশোধিত তেলের ভাণ্ডার থাকা সত্ত্বেও ইউক্রেনের সঙ্গে চলমান যুদ্ধের কারণেই মস্কোয় তৈরি হয়েছে তীব্র পেট্রোল সংকট। ইউক্রেনীয় ড্রোন হামলায় চলতি বছরেই রাশিয়ার ওমস্ক, রিয়াজান ও ওরস্কের মতো প্রায় ৩১টিরও বেশি গুরুত্বপূর্ণ তেল শোধনাগার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। জ্বালানি শোধন প্রক্রিয়া ব্যাহত হওয়ায় দেশের অভ্যন্তরীণ ঘাটতি মেটাতে মস্কো এখন ভারতীয় পেট্রোলের ওপর ভরসা করতে বাধ্য হচ্ছে। রয়টার্সের তথ্য অনুযায়ী, সমুদ্রপথে হাজার হাজার টন জ্বালানি নিয়ে আরও একাধিক ট্যাঙ্কার ইতিমধ্যেই রাশিয়ার দিকে রওনা দিয়েছে।