‘ক্রাইম পেট্রল’-এ অজয় দেবগন! শো হাতছাড়া হওয়া নিয়ে মুখ খুললেন অনুপ সোনি

ছোটপর্দায় অত্যন্ত জনপ্রিয় অপরাধভিত্তিক শো ‘ক্রাইম পেট্রল’-এর নতুন সঞ্চালক হিসেবে যুক্ত হয়েছেন বলিউড অভিনেতা অজয় দেবগন। সম্প্রতি বেশ কিছু চলচ্চিত্র আশানুরূপ ব্যবসা না করায় এবার টেলিভিশনের পর্দায় তাঁর উপস্থিতি ঘিরে দর্শকমহলে তৈরি হয়েছে নানা আলোচনা। বিশেষ করে দীর্ঘ সময় ধরে অনুষ্ঠানটির মূল মুখ হিসেবে পরিচিত অনুপ সোনির জায়গায় অজয় দেবগনকে নিয়ে আসায় অসন্তোষ প্রকাশ করেছেন অনেক অনুরাগী। তাঁদের দাবি, সঞ্চালক হিসেবে অনুপ সোনির বিকল্প অন্য কাউকে মেনে নেওয়া বেশ কঠিন।
এই সঞ্চালক বদল ও দর্শকদের প্রতিক্রিয়া নিয়ে অবশেষে নিজের বক্তব্য ব্যক্ত করেছেন অনুপ সোনি। তিনি জানান, এই অনুষ্ঠানের মাধ্যমে বহু বছর ধরে দর্শকের যে ভালোবাসা ও সম্মান তিনি পেয়েছেন, তার জন্য সর্বদা কৃতজ্ঞ থাকবেন। একই সঙ্গে নবনির্বাচিত সঞ্চালকের প্রশংসা করে তিনি বলেন, ‘গঙ্গাজল’ ও ‘অপহরণ’ ছবির সময় থেকেই তিনি অজয় দেবগনের ভক্ত। নতুন সঞ্চালক তাঁর নিজস্ব দক্ষতা দিয়ে এই ঐতিহ্যবাহী শোটিকে আরও সুন্দরভাবে এগিয়ে নিয়ে যাবেন বলেই তিনি আশাবাদী।