গীতাপাঠের মেগা সাফল্যের পর এবার ব্রিগেড কাঁপাবে ‘রামকথা’! ৩ লাখ ভক্তের সমাগমে শহরের বুকে বড় তোড়জোড়

কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ঐতিহাসিক গীতাপাঠের অভূতপূর্ব সাফল্যের পর এবার বসতে চলেছে সুবিশাল ‘রামকথা’র আসর। ২০২৭ সালের জানুয়ারি মাসে কলকাতার অগ্রসেন সমাজের উদ্যোগে এই মেগা ধর্মীয় কর্মসূচি অনুষ্ঠিত হতে পারে। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে রামকথা পাঠ করার কথা রয়েছে মধ্যপ্রদেশের চিত্রকূট তুলসী পিঠের প্রধানের। এই কর্মসূচির প্রস্তুতি এবং পরিচালনা নিয়ে আলোচনার জন্য ইতিমধ্যেই কলকাতায় এসে পৌঁছেছেন তুলসী পিঠের প্রতিনিধি রামচন্দ্র দাস। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, ব্রিগেড ময়দানে প্রায় ৩ লক্ষাধিক ভক্তের সমাগম ঘটানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।
এর আগে ২০২৩ এবং ২০২৫ সালের ডিসেম্বরে ব্রিগেড ময়দানে লক্ষাধিক মানুষের উপস্থিতিতে ‘গীতাপাঠ’ অনুষ্ঠান ব্যাপক সাড়া ফেলেছিল। সেই ধারাবাহিকতায় এবার রামকথার আসর বসাতে প্রয়োজনীয় অনুমতির অপেক্ষায় রয়েছেন আয়োজকরা। এই কর্মসূচি সংক্রান্ত আলোচনার জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে শীঘ্রই বৈঠকে বসবেন উদ্যোক্তারা। জানা গিয়েছে, মুখ্যমন্ত্রীও এই আলোচনা নিয়ে ইতিবাচক আগ্রহ প্রকাশ করেছেন। সমস্ত প্রক্রিয়া ঠিকঠাক এগোলে আগামী বছরের শুরুতেই আবার এক অনন্য ভক্তিসমাগমের সাক্ষী থাকবে কলকাতা।